উত্তর দিনাজপুর
কানকী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ কাজের সূচনা করলেন সাংসদ কার্তিক পাল
উত্তর দিনাজপুর জেলার কানকী রেলস্টেশনে শুরু হল প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ। মঙ্গলবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তত্ত্বাবধানে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রায়গঞ্জের সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল।
অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কানকী স্টেশনের স্টেশন মাস্টার অশোক কুমার, রেল বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
এই প্রকল্পের আওতায় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মকে দীর্ঘ এবং ২ নম্বর প্ল্যাটফর্মকে উচ্চ মানের (হাই লেভেল) করা হবে, যাতে যাত্রীদের ওঠানামা আরও নিরাপদ ও সহজ হয়। রেলসূত্রে জানা গেছে, শুধু প্ল্যাটফর্ম নয়, যাত্রীস্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য পরিকাঠামোও ধাপে ধাপে উন্নত করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা দীর্ঘদিন ধরেই কানকী স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে সেইসব ট্রেনে উঠতে হলে ডালখোলা বা কিশানগঞ্জ স্টেশন পর্যন্ত যেতে হয়, যা সাধারণ মানুষের জন্য সময়সাপেক্ষ এবং কষ্টকর। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় এবার সেই সমস্যার সমাধানে আশার আলো দেখছেন এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কার্তিক পাল বলেন,
“প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই প্রকল্প যাত্রীদের সুবিধার্থেই বাস্তবায়িত হচ্ছে।”
স্থানীয়দের মতে, এই উদ্যোগ কেবল পরিকাঠামোগত উন্নয়ন নয়, বরং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নের দিকেও এক বড় পদক্ষেপ।
এছাড়াও সাংসদ কার্তিক পাল ইসলামপুর পৌরসভায় আধুনিক সুইমিং পুল নির্মাণে ১ কোটি টাকার সাংসদ তহবিল বরাদ্দের প্রস্তাব দিয়েছেন, যা জেলা জুড়ে উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করবে বলে মত স্থানীয়দের।
