ভাইরাল খবর
নবম-দশম শ্রেণির জন্য ২৩ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ, শুরু হল আবেদন প্রক্রিয়া
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের নবম ও দশম শ্রেণির জন্য তৈরি হয়েছে ২৩ হাজারেরও বেশি বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্যপদ। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশন (SSC) -কে এই বিশাল শূন্যপদের তালিকা পাঠানো হয়েছে। সূত্রের খবর, এই শূন্যপদের মধ্যে সর্বাধিক শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞান ও অঙ্কের জন্য।
বিশেষ করে, ভৌতবিজ্ঞানের (Physical Science) জন্য ৪৩৫২টি এবং অঙ্ক (Mathematics) এর জন্য রয়েছে ৩৯০১টি শূন্যপদ। অন্যান্য বিষয়েও বেশ কিছু শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) আবেদন করেছেন, তাঁরা যেন এই নতুন নিয়োগ পরীক্ষায় বসেন। শিক্ষামন্ত্রীর মন্তব্য, “সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। কেউ যদি সুপ্রিম কোর্টেই যেতে চান, যেতে পারেন। তবে সকলের পরীক্ষায় বসা উচিত।”
আরও পড়ুনঃ যুদ্ধকালীন সংকটে ইরানের পাশে নেই বাংলাদেশ, সমালোচনার মুখে ইউনুস
নতুন নিয়োগের জন্য সোমবার রাত দশটা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। এসএসসি সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অধিকাংশই নতুন নিয়োগ পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, একাংশ এখনও পরীক্ষায় বসতে নারাজ বলে অনড় রয়েছেন।
এদিকে, চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের কাছে সেন্ট্রাল পার্কে অনশনে বসেন ১০ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ায় নতুন করে আরও ৬ জন সোমবার অনশনে যোগ দিয়েছেন। অনশনকারীদের মধ্যে রয়েছেন এক দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষকও।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চাকরিহারা শিক্ষকদের এই নতুন নিয়োগ পরীক্ষায় বসা বাধ্যতামূলক হয়ে পড়েছে। সেই অনুযায়ী এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তবে এদিন ওবিসি সংরক্ষণের নতুন তালিকা কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) স্থগিত করে দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ার ওপর তার প্রভাব পড়বে কি না, সে বিষয়ে এসএসসি-র পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
