বিনোদন
সোনার কেল্লার নস্টালজিয়ায় ‘যকের ধন’, বড় পর্দায় আসছে নতুন রোমাঞ্চ
ডিজিটাল ডেস্কঃ আসছে ৩০ মে মুক্তি পেতে চলেছে সায়ন্তন ঘোষাল (Sayantan Ghosal) পরিচালিত রোমাঞ্চকর ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’ (Sonar Kellay Jawker Dhan)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলার, যা ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে কৌতূহল ও উত্তেজনা। ছবির কলাকুশলীরা সম্প্রতি এক অনুষ্ঠানে জানালেন শুটিং থেকে চরিত্রাভিনয়— প্রতিটি অভিজ্ঞতার কথা।
কোয়েল মল্লিক (Koel Mallick) বলেন, “বাংলার সঙ্গে ভ্রমণ ও অ্যাডভেঞ্চারের এক নিবিড় সম্পর্ক রয়েছে। ‘সোনার কেল্লায় যকের ধন’ সেই আবেগকে ছুঁয়ে যায়। গৌরব যে কত খেতে ভালোবাসে, সেটা অনস্ক্রিন-অফস্ক্রিন, সব জায়গাতেই ধরা পড়ে। আর পরমব্রত (Parambrata Chattopadhyay) তো ওকে রীতিমতো লেগ-পুল করে!” কোয়েল আরও বলেন, “আগের ছবি ‘যকের ধন’-এ ছিলাম না, কিন্তু ‘সাগরদ্বীপে যকের ধন’-এর পর এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে পেরে আনন্দিত।”
ছবির প্রধান চরিত্র বিমলের ভূমিকায় থাকা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) বলেন, “ছোটবেলায় প্রথম যে গোয়েন্দা-অভিজ্ঞতা পেয়েছিলাম, তা ‘সোনার কেল্লা’র মাধ্যমেই। জয়সলমিরে গেলে এখনো মনে পড়ে ফেলুদার কথা। বাঙালির মধ্যে ওই জায়গাটার প্রতি যে টান, তার পেছনে ‘সোনার কেল্লা’র অবদান অপরিসীম।”
গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) জানালেন, “অ্যাকশন দৃশ্য করার সুযোগ খুব একটা মেলে না। কিন্তু এই ছবিতে মারপিটের দৃশ্যগুলো একদম স্বাভাবিকভাবে এসেছে, জোর করে নয়। আর ‘সোনার কেল্লা’ আমার প্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম, সেই আবেগ নিয়েই কাজ করেছি।”
মুকুলের চরিত্রে অভিনয় করছেন সুপ্রভাত দাস (Suprabhat Das)। তিনি বলেন, “মুকুলের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে প্রথমে অবাক হয়েছিলাম। কুশল চক্রবর্তীর অভিনীত ঐতিহাসিক চরিত্রটি ফুটিয়ে তোলা সহজ নয়। তবে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।”
সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chattopadhyay) তাঁর চরিত্র সম্পর্কে রহস্য রেখে বলেন, “আমার চরিত্রটা একবারে বলা যায় না, ছবিতেই বোঝা যাবে। তবে ছবিটা যে অন্যরকম সুন্দর, সেটা বলতে পারি।”
জ্যামি বন্দ্যোপাধ্যায় (Jammy Banerjee) ছবিতে রয়েছেন রাজস্থানের ডাকাতের ভূমিকায়। তিনি চরিত্রটি নিয়ে আশাবাদী। অন্যদিকে, ছবির আবহসঙ্গীত পরিচালনা করেছেন রথীজিৎ ভট্টাচার্য (Rathijit Bhattacharya)। তিনি বলেন, “সায়ন্তন চেয়েছিল এমন সাউন্ড তৈরি করতে, যাতে সত্যজিৎ রায়ের সময়ের আবহ বজায় থাকে, অথচ আধুনিকতাও ধরা পড়ে। সেই ভারসাম্য বজায় রেখে কাজ করেছি।”
সব মিলিয়ে ‘সোনার কেল্লায় যকের ধন’ একদিকে যেমন শ্রদ্ধা জানায় ফেলুদা এবং সত্যজিৎ রায়ের কাজকে, অন্যদিকে তা রোমাঞ্চপ্রিয় নতুন প্রজন্মের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে।
