পাকিস্তান
ইমরানের জেলমুক্তি সময়ের অপেক্ষা! হাই কোর্টে শুনানি ১১ জুন
ডিজিটাল ডেস্কঃ অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)! এমনই জোরালো দাবি করলেন তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর শীর্ষ নেতা গোহার আলি খান (Gohar Ali Khan)। দীর্ঘ প্রায় দুই বছর পর ইমরানের জামিন মঞ্জুর হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, আসন্ন ১১ জুন ইসলামাবাদ হাই কোর্টে (Islamabad High Court) তোষাখানা মামলার (Toshakhana Case) শুনানি রয়েছে। সেখানেই ইমরানের জামিন মঞ্জুর হতে পারে বলে দাবি করেছেন গোহার। শুধু জামিনই নয়, সেই দিনই তাঁর কারামুক্তির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ইমরানের দলীয় নেতারা।
উল্লেখ্য, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হন ইমরান খান। প্রথমে তাঁকে রাখা হয়েছিল পাঞ্জাব প্রদেশের অটোক জেলে (Attock Jail)। পরে স্থানান্তর করা হয় রাওয়ালপিন্ডির (Rawalpindi) আদিয়ালা জেলে (Adiala Jail)। ইমরানের পরিবার ও দল একাধিকবার অভিযোগ করেছিলেন, জেলের মধ্যে তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ রাজ্য প্রস্তুত, করোনা মোকাবিলায় আশ্বস্ত মুখ্যমন্ত্রী
পিটিআই (PTI) নেতা গোহার আলি খান এদিন বলেন, “আমরা আশাবাদী, বুধবার ইসলামাবাদ হাই কোর্ট থেকে ইমরানের জামিন মঞ্জুর হবে। এমনকী ওই দিনই তিনি জেল থেকে মুক্তি পেতে পারেন।”
প্রসঙ্গত, তোষাখানা মামলার পাশাপাশি আল-কাদির ট্রাস্ট (Al-Qadir Trust) মামলাতেও ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
ইমরানের মুক্তি দাবি আরও জোরালো হয়েছে সম্প্রতি ‘অপারেশন সিঁদুরে’ (Operation Sindoor)-র জেরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)-এর চাপ বৃদ্ধি পাওয়ার পর। ভারতের কাছে অপারেশনে পরাজয়ের পর মুনিরের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতেই ইমরানের সমর্থকরা দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু করেছেন।
ইমরান জেলে থেকেও দলের নেতা হিসাবে সক্রিয় রয়েছেন। নিজেকে পিটিআইয়ের পেট্রন ইন চিফ (Patron-in-Chief) হিসেবে ঘোষণা করেছেন। এমনকী সেখান থেকেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিতে ইমরানকে মুক্তি দেওয়াই হতে পারে ফিল্ড মার্শাল মুনিরের জন্য ‘সমঝোতার পথ’।
