ভাইরাল খবর
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকে সিইও
ডিজিটাল ডেস্কঃ বাংলায় এসআইআর (SIR – Special Intensive Revision) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) একাধিক নির্দেশের পর সোমবার রাতেই দিল্লির (Delhi) পথে রওনা দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার অর্থাৎ, আজ তাঁর জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক রয়েছেন।
সূত্রের খবর, ওই বৈঠকে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election) নিয়েও কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার এসআইআর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দেয়, ১৪ ফেব্রুয়ারির পর আরও সাত দিন স্ক্রুটিনি (Scrutiny) চলবে। ফলে ওই দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব নয়। শীর্ষ আদালত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে। সেই অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির পরেই চূড়ান্ত তালিকা প্রকাশের রাস্তা খুলছে।
দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) সিইও মনোজ আগরওয়াল বলেন, “২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব। কাজ চলছে, মাইক্রো অবজার্ভাররা (Micro Observers) সাহায্য করবেন।”
ভোটার তালিকা প্রকাশ না হলে নির্বাচনের নির্ঘণ্ট (Election Schedule) ঘোষণাও সম্ভব নয়। সেই কারণেই কমিশনের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে।


