রাজ্যের খবর
অবাধ ও সুষ্ঠ নির্বাচনে কতটা প্রস্তুত রাজ্য প্রশাসন? খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছেন সুদীপ জৈন
নিউজ ডেস্ক , ০৯ জানুয়ারী : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ আগামী মঙ্গলবার দু’দিনের সফরে কলকাতায় এসে মুখ্য নির্বাচনী আধিকারিক, কয়েকটি জেলার জেলাশাসক, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য এর আগে গত ১৭ ই ডিসেম্বর বিধানসভা নির্বাচনের সামগ্রীক প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছিলেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। ওই দিন দক্ষিণবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তিনি। দক্ষিণবঙ্গের সামগ্রিক ভোট প্রস্তুতির চিত্র খতিয়ে দেখে পরের দিন উত্তরবঙ্গে আসেন নির্বাচন কমিশনের এই দূত। পুরাতন মালদায় একটি বেসরকারি হোটেলে মালদা, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বিগত পঞ্চায়েত এবং লোকসভা ভোটে সন্ত্রাসের কথা মাথায় রেখে এবার বিধানসভা ভোট সুষ্ঠ, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে তিনি প্রথমবারের সফরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নির্বাচনী আধিকারিক ও জেলা পুলিশ প্রশাসনকে। এবার আগামী ১২ ই জানুয়ারি একমাসের মধ্যেই ফের তাঁর রাজ্য সফরের ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে কেউ কেউ। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের ধারণা এবার রাজ্য ঘুরে যাওয়ার পর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে সবিস্তারে রিপোর্ট জমা দেবেন তিনি। তারপরই রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
