ভাইরাল খবর
ভোরের ইডি অভিযানের খবর কীভাবে পেলেন মুখ্যমন্ত্রী? ফোন না তোলাতেই সন্দেহ, নিজের অভিজ্ঞতা জানালেন মমতা
ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার ভোর ছ’টা নাগাদ আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি (ED)–র তল্লাশি ঘিরে তৈরি হয় চরম উত্তেজনা। সেই সময় সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইডির অভিযোগ, তদন্তে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের তথ্য (Data) চুরি করছিল। শুক্রবার এই ঘটনা নিয়ে নিজের অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরলেন তিনি।
মমতার দাবি, শুরুতে তিনি কিছুই জানতেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মেসেজ (Message) পাঠালেও তিনি তা দেখতে পাননি। পরে টেলিভিশনে (TV) খবর দেখে জানতে পারেন প্রতীক জৈনের বাড়িতে ইডি পৌঁছেছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে ভেবেছিলেন হয়তো কথা বলতেই গোয়েন্দারা এসেছেন। কিন্তু প্রতীককে ফোন করার পর তিনি ফোন না ধরায় সন্দেহ দানা বাঁধে।
মমতার বক্তব্য, “তখনই মনে হল, পার্টির সব কিছু নিয়ে পালাচ্ছে না তো!” তিনি আরও বলেন, তৃণমূলের চেয়ারম্যান (Chairperson) হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন এবং কোনও অন্যায় করেননি।
আইপ্যাকের সঙ্গে অতীত রাজনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, দলের তথ্যই তৃণমূলের আসল সম্পদ (Asset)। সেই কারণেই তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন বলে দাবি করেন।
