মালদা
মানসিক ভারসাম্যহীন মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০১ জানুয়ারী : এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটার শক্তল গ্রামে। মৃতার নাম বেলন বেওয়া।
পরিবার সূত্রে জানা যায়, বেলন বেওয়া গত ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তাঁর স্বামী মুস্তফা আলি ২০ বছর আগে মারা যায়। জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সে নিখোঁজ ছিলেন। কিন্তু রাতেও তিনি বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। এরপর শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাঁশ বাগানের মধ্যে একটি গাছে শাড়ির আঁচল দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার পর হরিশচন্দ্রপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
