সোনার দাম ছাড়াল এক লক্ষ টাকা, রেকর্ড ছোঁয়া দামে বিনিয়োগে সতর্কতার বার্তা বিশেষজ্ঞদের
Connect with us

ভাইরাল খবর

সোনার দাম ছাড়াল এক লক্ষ টাকা, রেকর্ড ছোঁয়া দামে বিনিয়োগে সতর্কতার বার্তা বিশেষজ্ঞদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোনার বাজারে রেকর্ড ভাঙা দাম। খুচরো ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ—প্রতি ১০ গ্রামে সোনার দাম পেরিয়ে গেল এক লক্ষ টাকার সীমা। সোমবার যেখানে বাজারমূল্য ছিল ৯৭,২০০ টাকা, সেখানে কর-সহ মোট মূল্য ছুঁয়েছে ছয় অঙ্কের দোরগোড়া।

মঙ্গলবার এমসিএক্স (MCX)-এ জুন ডেলিভারির গোল্ড ফিউচারস দর এক ধাক্কায় উঠে পৌঁছয় ৯৯,১৭৮ টাকায়—পূর্বের তুলনায় প্রায় ১,৯০০ টাকার বৃদ্ধি। আন্তর্জাতিক মুদ্রা বাজারে একই সময়ে প্রতি ট্রয় আউন্স সোনার দর ৩,৩৯৫ ডলার ছুঁয়েছে।

বিশ্লেষকদের মতে, এই অস্বাভাবিক উত্থানের পেছনে রয়েছে একাধিক বৈশ্বিক অনিশ্চয়তা—মার্কিন অর্থনীতির শ্লথ গতি, ডলার ইনডেক্সে পতন, এবং চিন-মার্কিন সম্পর্কের টানাপোড়েন। এসব মিলিয়েই বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আস্থা আরও জোরদার হয়েছে।

এলকেপি সিকিউরিটিজ-এর জ্যেষ্ঠ বিশ্লেষক যতীন ত্রিবেদীর কথায়, “কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ক্রমবর্ধমান সোনা ক্রয় এবং চিনের মতো দেশের সক্রিয়তা বাজারে চাহিদা বাড়িয়ে তুলেছে। তবে উচ্চ দামে প্রবেশ করার আগে বিনিয়োগকারীদের ঝুঁকি নিয়ে সচেতন থাকা জরুরি।”

Advertisement
ads

মেহতা ইকুইটিজের রাহুল কলান্ত্রি জানিয়েছেন, ভারতের বাজারে সোনার দামে প্রতিরোধের সীমা আপাতত ৯৭,৬৯০ টাকা এবং সহায়তা স্তর ৯৬,২০০ টাকার আশেপাশে। এই মুহূর্তে রুপোর বাজারও যথেষ্ট সক্রিয়—দামের সীমা রয়েছে ৯৪,৬৮০ থেকে ৯৭,৫৫০ টাকার মধ্যে।

চলতি বছরে ইতিমধ্যেই সোনার দাম ২৬ শতাংশ বেড়েছে, যা বহু বিনিয়োগকারীকে উৎসাহ দিচ্ছে। তবে নতুন করে লগ্নির ক্ষেত্রে ধাপে ধাপে অর্থ খাটানোর পরামর্শ দিচ্ছেন অধিকাংশ বিশেষজ্ঞ। পাশাপাশি নজর রাখতে বলা হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রবণতা ও ভূ-রাজনৈতিক ঘটনার উপর।

Continue Reading
Advertisement