দুর্ঘটনা
খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আর্সেনালের প্রাক্তন ফুটবলার
ডিজিটাল ডেস্কঃ আবারও ক্রীড়ামঞ্চে মর্মান্তিক পরিণতি। মাত্র ২১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন আর্সেনালের (Arsenal) প্রাক্তন ফুটবলার বিলি উইগার (Billy Vigar)। এক লিগ ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট (Head Injury) পান তিনি। হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার (Surgery) করা হলেও শেষরক্ষা হয়নি। বিলির মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া।
গত ২০ সেপ্টেম্বর ইস্টম্যান লিগের (Isthmian League) প্রিমিয়ার ডিভিশনে চিচেস্টার সিটি (Chichester City) বনাম উইনগেট অ্যান্ড ফিঞ্চলি (Wingate & Finchley) ম্যাচে খেলছিলেন বিলি। ম্যাচের ১৩তম মিনিটে একটি বল সাইডলাইন (Sideline) থেকে বের করতে গিয়ে ভারসাম্য হারিয়ে কংক্রিটের দেওয়ালে (Concrete Wall) ধাক্কা খান তিনি। সঙ্গে সঙ্গে মাঠেই পড়ে যান এবং চরম আহত হন।
ঘটনার পর মাঠে ছুটে আসে মেডিক্যাল টিম। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় গুরুতর আঘাত থাকায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু ২৫ সেপ্টেম্বর বিলিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বিলির অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে আর্সেনাল। তাদের তরফে এক বার্তায় বলা হয়েছে, “অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র বিলি উইগারের মৃত্যুতে আর্সেনাল শোকাহত। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবার ও কাছের মানুষদের পাশে রয়েছি।”
মাত্র ১৪ বছর বয়সে ২০১৭ সালের ডিসেম্বরে আর্সেনালের সঙ্গে তাঁর যাত্রা শুরু হয়। অনূর্ধ্ব ১৮ এবং অনূর্ধ্ব ২১ স্তরে অসাধারণ পারফরম্যান্সের জন্য চর্চায় ছিলেন তিনি। যদিও সিনিয়র দলে নিয়মিত সুযোগ পাননি, কিন্তু প্রতিভার ভিত্তিতে তিনি ছিলেন আগামীর আশা।
চলতি বছরের গ্রীষ্মে তিনি চিচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আরও সুযোগের আশায়। দুর্ভাগ্যজনকভাবে, সেই ক্লাবেই ম্যাচ চলাকালীন ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।


