রাজ্যের খবর
আইআইএম জোকায় ছাত্রী ধর্ষণের প্রতিবাদে পথে কংগ্রেস, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন
ডিজিটাল ডেস্কঃ আইআইএম কলকাতার (IIM Joka) হস্টেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য। ঘটনায় এখনও থিতোয়নি না পড়তেই শনিবার সকালেই প্রতিবাদে পথে নামল রাজ্য কংগ্রেস (Congress Protest)। আইআইএম ক্যাম্পাসের সামনেই জমায়েত করে স্লোগান, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। নেতৃত্বে ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায় (Ashutosh Chattopadhyay)।
প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ থাকলেও পরে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। আশুতোষ-সহ একাধিক কংগ্রেস নেতা ও কর্মীকে আটক করে পুলিশ।
কংগ্রেস নেতার অভিযোগ, “শিক্ষার মন্দিরে এমন পাশবিক অপরাধ রাজ্যের শিক্ষাব্যবস্থার চরম অবক্ষয়। আইআইএম, যার জন্য গর্বিত হতো বাংলা, আজ সেখানেই ছাত্রীর উপর এমন জঘন্য হামলা ঘটছে।”
আরও পড়ুনঃ TMCP থেকে বহিষ্কৃত রাজন্যা কি এবার পদ্ম শিবিরে? বিজেপি নেতার ফোনে জল্পনার আগুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের এক ছাত্র ‘কাউন্সেলিং’য়ের অজুহাতে সহপাঠী ছাত্রীকে বয়েজ হস্টেলে ডেকে নিয়ে যায়। সেখানে কোনও রেজিস্টার সই না করেই ঢুকতে দেওয়া হয় তাঁকে, যা নিয়েই উঠছে প্রশ্ন। অভিযোগ, ঠান্ডা পানীয় খাওয়ার পর ছাত্রীটি অচৈতন্য হয়ে পড়েন। তারপরেই তাঁর উপর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।
হরিদেবপুর থানায় অভিযোগ দায়েরের পরই অভিযুক্ত ছাত্র পরমানন্দকে (Parmanand, Karnataka) গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
এদিকে, ঘটনার দায় শুধুমাত্র অভিযুক্তের নয়, হস্টেল সুরক্ষার দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। তদন্ত দাবি করেছে বিরোধীরা।
ঘটনায় এখনও পর্যন্ত আইআইএম কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
সাম্প্রতিক কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনার পর ফের এই ঘটনা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন তুলে দিল বলে মত পর্যবেক্ষকদের।
