দেশ
বিপিসিএলের বিলগ্নিকরণের পথে কেন্দ্র, সরব বিরোধীরা
নিউজ ডেস্ক , ০৩ মার্চ : এল আই সি, ব্যাংক সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি নিয়ে যখন কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা তখন ফের আরও একবার বিলগ্নিকরণের পথে হাঁটতে চলেছে মোদি সরকার। এবার ভারত পেট্রোলিয়াম কার্পোরেশন লিমিটেড (BPCL) বিলগ্নিকরণের পথে কেন্দ্র।
গত বছর থেকে করোনার কারণে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। সেই ঝিমিয়ে পড়া অর্থনীতিকে লাইনে নিয়ে আসার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এল আই সি সহ বেশকিছু রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ এবারে সেই পথে হেঁটেই নুমলিগড় রিফাইনারি লিমিটেডে (Numaligarh refinery- NRL) তাদের ৬১.৬৫ শতাংশ অংশীদারিত্ব ৯৮৭৫ কোটি টাকায় বিক্রি করার অনুমতি দিয়েছে BPCL৷ বাজারে এই খবর চাউর হতেই শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে৷ বম্বে স্টক এক্সচেঞ্জে ভারত পেট্রোলিয়ামের শেয়ার ৪.২ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৪৭৪.৫০ টাকায় খুলেছিল৷ এরপর তা বেড়ে ৪৮২.৪০ টাকা হয়ে যায়, যা গত ৫২ সপ্তাহে সবচেয়ে বেশি৷ মঙ্গলবার সংস্থার স্টক ৩.২৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৪৭০ টাকা প্রতি শেয়ার পর্যন্ত হয়ে গিয়েছে। অর্থনীতির বিশ্লেষকদের মতে, লোকসানে চলা রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির জন্য আর টাকা ঢালতে রাজি নয় কেন্দ্র। কারণ এতে কোষাগারে প্রবলভাবে চাপ পড়ে। উল্লেখ্য পয়লা ফেব্রুয়ারী অর্থ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, দুটি ব্যাংকের বেসরকারিকরণের পাশাপাশি এয়ার ইন্ডিয়া ও পবনহংসেরও বেসরকারিকরণ হবে। দেশের বেশ কয়েকটি বড় বন্দরও বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
