দেশের খবর
দিল্লির আদালত ও সিআরপিএফ স্কুলে বোমাতঙ্ক; রাতারাতি খালি, বড়সড় তল্লাশি শুরু
ডিজিটাল ডেস্কঃ দিল্লি সাম্প্রতিক বিস্ফোরণের (Explosion) আতঙ্ক কাটতে না কাটতেই ফের নতুন করে বোমাতঙ্কে কেঁপে উঠল রাজধানী। মঙ্গলবার সকালে একাধিক আদালত (Court) ও সিআরপিএফ স্কুলে (CRPF School) বিস্ফোরণের হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয় জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-এর নাম করে। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
হুমকির পরপরই সাকেত আদালত, পাটিয়ালি আদালত ও তিস হাজারি কোর্ট রাতারাতি খালি করে দেওয়া হয়। আদালতের ভেতরে থাকা আইনজীবী (Lawyer) থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলকে বের করে আনে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় সমস্ত শুনানি। একই সময় দিল্লির দ্বারকা ও প্রশান্ত বিহার এলাকার দুটি সিআরপিএফ স্কুলেও বোমা রাখা আছে বলে খবর আসে। সেখানেও দ্রুত খালি করে তল্লাশি শুরু হয়।
ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশের বিশাল বাহিনী, বম্ব স্কোয়াড (Bomb Squad) ও শীর্ষ আধিকারিকরা। দীর্ঘ তল্লাশির পরও এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। তবুও কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ কর্তারা। ফলে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি।
দিল্লি পুলিশ হুমকি মেলের উৎস নিয়েও তদন্ত শুরু করেছে। আদালত ও স্কুল—উভয় জায়গায় একই উৎস থেকে হুমকি পাঠানো হয়েছে নাকি আলাদা ভাবে পাঠানো হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, মাত্র কয়েকদিন আগেই ১০ নভেম্বর লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত হন। এনআইএ তদন্তে নেমেছে এবং ক্রমাগত নতুন তথ্য উঠে আসছে। তারই মাঝে ফের এই হুমকি নতুন করে উদ্বেগ তৈরি করেছে রাজধানীতে।


