মৃত্যুর মুখ থেকে ফিরলেন ভূমি, ১০ মিনিট দেরির কারণেই রক্ষা
Connect with us

দুর্ঘটনা

মৃত্যুর মুখ থেকে ফিরলেন ভূমি, ১০ মিনিট দেরির কারণেই রক্ষা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাত্র ১০ মিনিট দেরি। আর সেই সামান্য দেরিই আজ তাঁর জীবন বাঁচানোর কারণ। গুজরাটের ভূমি চৌহান (Bhoomi Chauhan) ভাগ্যের অদ্ভুত খেলায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। যে বিমানে তাঁর ওঠার কথা ছিল, সেই বিমানই ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়, প্রাণ হারান ২৪১ জন যাত্রী। অথচ যানজটে আটকে যাওয়ায় ভূমির ফ্লাইট মিস হয়ে যায়। এখন এই ঘটনা মনে পড়লেই কাঁপছেন তিনি।

গতকাল এয়ার ইন্ডিয়ার (Air India) AI171 ফ্লাইটে (Flight AI171) লন্ডন ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল ভূমির। আহমেদাবাদ শহরের (Ahmedabad City) তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ের মাত্র ১০ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছন তিনি। যদিও সেই সময়েই চেক-ইন কাউন্টার বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া। বহু অনুনয়ের পরেও বিমান সংস্থা তাঁকে বোর্ডিংয়ের অনুমতি দেয়নি। তখন ভূমির মন খারাপ হলেও, কে জানত সেই বিমানে উঠতে না পারাটাই তাঁর জীবন বাঁচানোর চাবিকাঠি হয়ে উঠবে!

আরও পড়ুনঃ ছেলের সামনে বাবাকে খুন, নিজেও গুরুতর জখম: আতঙ্ক ছড়াল কলকাতায়

বিমানে উঠতে না পারা নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভূমি বলেন, “ভাগ্য যেন আমাকে নতুন করে বাঁচার সুযোগ দিল। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু নয়। গতকাল ১টা ১০ মিনিটে ফ্লাইট ছিল। মাত্র ১০ মিনিট দেরি হয়েছিল। কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, এই কারণে ফ্লাইট ছাড়তে ১৫ মিনিট দেরি হতে পারে। তাই আমাকে উঠতে দেওয়া যাবে না। অনেক বলেও কোনও লাভ হয়নি।”

Advertisement
ads

ঘটনাস্থল থেকে বাড়ি ফেরার পথে গাড়িতেই দুর্ঘটনার খবর পান ভূমি। স্তম্ভিত হয়ে যান তিনি। বলেন, “আমি খবর দেখেই হতবাক হয়ে যাই। এটা খুব হৃদয়বিদারক ঘটনা। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, কিন্তু এই ভয়ঙ্কর দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের কথা মনে পড়লে মন ভার হয়ে আসে।”

ভূমির এই গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বলছেন, ভাগ্য এবং জীবন কখন কোন দিকে বাঁক নেয়, আগে থেকে কেউ বলতে পারে না। ভাগ্যের এই অদ্ভুত খেলায় ভূমি চৌহান আজ মৃত্যুকে পিছনে ফেলে বেঁচে আছেন।

Continue Reading
Advertisement