খেলার খবর
বিসিসিআই নির্বাচন এবার লোধা আইন মেনে, বদল আসছে প্রেসিডেন্ট ও আইপিএল চেয়ারম্যান পদে
ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের শেষ দিকেই অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নির্বাচন। সূত্রের খবর অনুযায়ী, এই নির্বাচন হবে সুপ্রিম কোর্ট নির্দেশিত লোধা কমিটির (Lodha Committee) সুপারিশ অনুসারে। কারণ, জাতীয় ক্রীড়া নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনও হয়নি। ফলে বিসিসিআই (BCCI) আর দেরি করতে চাইছে না।
এই নির্বাচন ঘিরেই বোর্ডে বেশ কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমত, বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি (Roger Binny) ৭০ বছর পূর্ণ করেছেন, ফলে লোধা নীতিমালায় তিনি আর ওই পদে থাকতে পারবেন না। স্বাভাবিকভাবেই, একজন নতুন প্রেসিডেন্ট খোঁজা শুরু হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও রজার বিনির (Roger Binny) মতো হেভিওয়েট প্রাক্তনদের পর কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে আইপিএল (IPL) চেয়ারম্যান পদে। বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমল (Arun Dhumal) ছয় বছর ধরে প্রশাসনের সঙ্গে যুক্ত। ফলে এবার তাঁকে বাধ্যতামূলক ‘কুলিং অফ’ (Cooling-off) পিরিয়ডে যেতে হবে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসছে রাজীব শুক্লা (Rajeev Shukla) ও সঞ্জয় নায়েক (Sanjay Nayak)-এর নাম। শুক্লা আইপিএল চেয়ারম্যান হলে, সহ-সভাপতির পদে আসতে পারেন বিহারের রাকেশ তিওয়ারি (Rakesh Tiwari)।
বর্তমান বোর্ড কমিটির মধ্যে সচিব দেবজিৎ সাইকিয়া (Debajit Saikia), সহ-সচিব রোহন দেশাই (Rohan Desai) ও প্রভতেজ ভাটিয়া (Prabhtej Bhatia) ছাড়া প্রায় সকলের পদেই পরিবর্তনের সম্ভাবনা।
ফলে, নির্বাচনের মাধ্যমে BCCI-তে নতুন নেতৃত্বের সূচনা এবার প্রায় নিশ্চিত।


