রাজ্যের খবর
জাতীয় পতাকা হাতে SIR বিরোধী বিক্ষোভ! ভোটার হয়রানির অভিযোগে বর্ধমান স্টেশনে রেল অবরোধ
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR (Special Intensive Revision) ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজনীতি। শনিবার বর্ধমান স্টেশনে (Burdwan Station) স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে তাঁদের বারবার ডেকে অযথা হয়রানি করা হচ্ছে।
সকাল সাড়ে ১১টার পর জাতীয় পতাকা হাতে স্টেশন চত্বরে ঢুকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একাংশ সরাসরি রেললাইনে শুয়ে পড়েন (Rail Track Protest), যার জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রায় আধঘণ্টার বেশি সময় একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা (Daily Commuters).
এক বিক্ষোভকারীর বক্তব্য, “বাংলাদেশি চিহ্নিত করার নামে আমাদের হেনস্তা করা হচ্ছে। আমরা ভারতের নাগরিক, তাও বারবার শুনানির জন্য ডাকা হচ্ছে।” যদিও রেল অবরোধের কারণে সমস্যায় পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী (Railway Police) মোতায়েন করা হয়। প্রায় ২৫ মিনিট পর বিক্ষোভকারীদের ট্র্যাক থেকে সরানো সম্ভব হয়। বেলা ১১টা ৫০ নাগাদ ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় West Bengal SIR প্রক্রিয়া ঘিরে বিক্ষোভের ছবি সামনে এসেছে। ফরাক্কা, চাকুলিয়া-সহ একাধিক এলাকায় প্রতিবাদ হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল বর্ধমান।
