ভাইরাল খবর
বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের পিটিয়ে চামড়া গুটানোর হুমকি তৃণমূল নেতার
ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। বিএলও (BLO) থেকে ভোটারদের ‘মৃত’ ঘোষণা, নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহেই পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা রাজনীতিতে তীব্র বিতর্ক ছড়াল। তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, একজনও বৈধ ভোটারের (valid voter) নাম বাদ গেলে বিজেপি নেতাদের “পিটিয়ে চামড়া গুটিয়ে নেওয়া হবে”।
রবিবার বর্ধমান-১ ব্লকের ভিটা হাই স্কুল মাঠে তৃণমূলের একটি ব্লক সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার-সহ দলের একাধিক নেতা। সভামঞ্চ থেকেই দেবু টুডু বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে এবং অসাংবিধানিকভাবে (unconstitutional) ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, “আমরা আদিবাসী (tribal people), আমাদের নাম বাদ দেওয়া যাবে না।”
এসআইআর প্রসঙ্গের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (central agencies) ইডি-সিবিআই (ED-CBI) নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। পালটা বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, হুমকি ও মারধর তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি। এই মন্তব্য ঘিরে জেলা রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।


