ভাইরাল খবর
“টুম্পা সোনা” গানে চটুল নাচ, তৃণমূল ছাত্র পরিষদের পাঁচ সদস্যকে শাস্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের
নিউজ ডেস্ক , ২২ ফেব্রুয়ারি : “টুম্পা সোনা” গানে উদ্দাম নাচের অপরাধে পাঁচ জনকে শাস্তি দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। করোনা সংক্রমণের জেরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে রাজ্য সরকার বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন চালুর নির্দেশ দিলেও এখনও বন্ধ রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় ৷
তবে পঠনপাঠন বন্ধ থাকলেও সরস্বতী পুজো উপলক্ষ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসে পুজোর আয়োজন করা হয়৷ আর সেই পুজোতেই “টুম্পা সোনা” গানে উদ্দাম নাচতে দেখা যায় কয়েকজনকে। করোনা পরিস্থিতিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরস্বতী পুজো এবং করোনা পরিস্থিতিতে কোনও স্বাস্থ্যবিধি না মেনে এ সব কারা করল কীভাবে করল— তা নিয়েও প্রশ্ন ওঠে। পড়ুয়াদের কারও মুখেই মাস্ক দেখা যায়নি ভাইরাল হওয়া ওই ভিডিও–তে।
যার জেরে নিন্দার সম্মুখীন হতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ঘটনার নিন্দা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এরপরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। “টুম্পা সোনা” গানের তালে নাচের ছবি ভাইরাল হওয়ার পর ঘটনার তদন্তে তৈরি হয় কমিটি। কমিটির রিপোর্টে সরস্বতী পুজো আয়োজক ৫ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। দু’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ওই পাঁচজনকে। এদের মধ্যে কয়েকজন প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং টিএমসিপির নেতাও রয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট ছাড়াও ওই পাঁচজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সাসপেন্ড হওয়া পাঁচজনের নাম মণিশংকর মণ্ডল, রাজা মাণ্ডি, দেবর্ষি রায়, তীর্থপ্রতীম সাহা এবং রনি ঘোষ।
