ভাইরাল খবর
রাজ্যে শুরু হল প্রথম ডিজিটাল জনগণনা! সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ডিজিটাল ডেস্কঃ আজ, ১ আগস্ট থেকে শুরু হল দেশের ১৬তম জনগণনা (Census 2027)-এর প্রথম ধাপ। এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা (Digital Census)-র সূচনা হয়েছে। প্রথম পর্যায়ে ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে সেল্ফ এনুমারেশন (Self Enumeration), যেখানে সাধারণ মানুষ ঘরে বসেই অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন।
জনগণনার জন্য শুক্রবার রাত ১২টা থেকেই Self Enumeration Portal চালু করা হয়েছে। https://se.census.gov.in – এই লিঙ্কে ক্লিক করেই নিজে থেকে আবেদনকারী নিজেই ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হলে একটি ইউনিক কোড (Unique Code) তৈরি হবে, যা পরবর্তীতে সরকারি আধিকারিকরা বাড়িতে এলে দেখাতে হবে।
কলকাতা পুরসভার কমিশনার তথা প্রিন্সিপাল সেন্সাস অফিসার স্মিতা পান্ডে জানান, কলকাতার ১৪৪টি ওয়ার্ডে মোট ৮,১০৫টি আবাসিক ইউনিট চিহ্নিত করা হয়েছে। জনগণনার কাজে প্রায় ৮,২০০ কর্মী নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ১,৪০০ জন সুপারভাইজার (Supervisor) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে বিধাননগরে ডিজিটাল জনগণনার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জনগণনার তথ্য সম্পূর্ণ গোপনীয় এবং আইনগতভাবে সুরক্ষিত থাকবে। এই তথ্য শুধুমাত্র সরকারি পরিকল্পনা, উন্নয়ন ও পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। ব্যক্তিগত তথ্য অপব্যবহারের কোনও সুযোগ নেই বলেও আশ্বাস দেন তিনি।
সেল্ফ এনুমারেশন প্রক্রিয়ায় আবেদনকারীদের মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে রয়েছে বাড়ির তথ্য, পরিবারের সদস্য সংখ্যা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, রান্নার জ্বালানি, ইন্টারনেট (Internet), স্মার্টফোন (Smartphone), যানবাহনসহ বিভিন্ন মৌলিক তথ্য।
১৫ আগস্ট পর্যন্ত চলবে অনলাইন স্ব-শুমারি। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত শুরু হবে ফিল্ড এনুমারেশন (Field Enumeration)। এই পর্যায়ে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। প্রশাসনের দাবি, এই ডিজিটাল ব্যবস্থার ফলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে নাগরিকদের বারবার নথি জমা দেওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে।
