দুর্ঘটনা
তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে ভয়ংকর দুর্ঘটনা! জেসিবি নিয়ে ছলছে উদ্ধারকাজ,বাড়ছে মৃতের সংখ্যা
ডিজিটাল ডেস্কঃ বুধবার দুপুরে কলকাতার তারাতলা থানা এলাকার ব্রেসব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো রোডের সংলগ্ন এলাকায় ঘটল এক ভয়ংকর দুর্ঘটনা (Accident)। সেখানে নির্মাণাধীন একটি চায়ের গোডাউনের (Warehouse) বিশাল লোহার শেড ও তিন তলার ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার সময় সেখানে প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক (Workers) কাজ করছিলেন। ছাদটি সরাসরি কর্মরত শ্রমিকদের ওপর আছড়ে পড়ায় পুরো এলাকা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়।
স্থানীয় সূত্রের খবর, লোহার বিম ও টিনের শেডের নিচে অন্তত ৪০-৪৫ জন শ্রমিক আটকে পড়েছেন এবং ভেতর থেকে তাঁদের বাঁচানোর কাতর আর্তনাদ শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গ্রিন করিডোর (Green Corridor) মারফত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেরই হাত-মাথা থেঁতলে গেছে এবং কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের পরিস্থিতি দেখে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতির ভয়াবহতা দেখে উদ্ধারকাজে (Rescue Operation) গতি আনতে পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের (DMG) পাশাপাশি নামানো হয়েছে সেনাবাহিনী (Army)। যুদ্ধকালীন তৎপরতায় ক্রেন, জেসিবি (JCB) এবং গ্যাস কাটার নিয়ে এসে লোহার ভারী চাঁই ও বিম কাটার কাজ চলছে। নবান্নের তরফে একটি কন্ট্রোল রুম (Control Room) খোলা হয়েছে এবং হেল্পনম্বরগুলি (১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ০৩৩ ২২১৪৩৫২৬, ০৩৩ ২২৫৩৫১৮৫) চালু করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল খাঁ, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেতা রাকেশ সিংহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আধ ঘণ্টা আগেই লোহার বিম নড়ে গিয়েছিল, যা ঠিক করার চেষ্টা চালাচ্ছিলেন কর্মীরা। পোর্ট ট্রাস্টের থেকে লিজ নেওয়া এই জমিতে নির্মাণের গুণমান ও শ্রমিকদের নিরাপত্তা (Security) নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
