রাজনীতি
সই-বিতর্কে সিআইডির তলবে ভবানী ভবনে কুণাল ঘোষ! বসতে পারেন অভিষেকের মুখোমুখি
ডিজিটাল ডেস্কঃ বিধানসভার বিতর্কিত সই-জালিয়াতি মামলার (Signature Forgery Case) তদন্তে এবার আরও গতি বাড়াল রাজ্য সিআইডি। রবিবার দুপুরেই ভবানীভবনে (সিআইডি সদর দপ্তর) হাজির হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক তথা উত্তর কলকাতার জেলা সভাপতি কুণাল ঘোষ। একই মামলায় সকাল ১১টা ৪৩ মিনিট নাগাদ সেখানে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।যা নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই অভিষেক পৌঁছে যান। তদন্তকারীদের একাংশের অনুমান, বয়ানের অসঙ্গতি দূর করতে অভিষেক ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা (Cross-examination) করা হতে পারে।
গোটা বিতর্কের সূত্রপাত গত ৬ মে কালীঘাটের একটি বৈঠককে কেন্দ্র করে, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচনসহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। পরবর্তীতে বিধানসভা সচিবালয়ে (Assembly Secretariat) যে রেজোলিউশন বুক জমা দেওয়া হয়, তাতে ৭০ জন বিধায়কের স্বাক্ষর ছিল। কিন্তু গত ২৭ মে তৃণমূলেরই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানান যে, ৬ মে-র ডেট দিয়ে জমা দেওয়া ওই নথিটি সম্পূর্ণ জাল। এমনকি নথির ১৪টি স্বাক্ষর ব্লক লেটারে (Block Letters) থাকায় চূড়ান্ত সন্দেহ তৈরি হয়।
ইতিমধ্যেই সিআইডি-র বিশেষ তদন্তকারী দল (SIT) সন্দেহভাজন বিধায়কদের বয়ান রেকর্ড করেছে। গত বৃহস্পতিবারও অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয়েছিল। আজ দুই হেভিওয়েট নেতাকে সামনাসামনি বসিয়ে এই সই জালিয়াতির মূল পাণ্ডাকে খুঁজে বের করাই এখন সিআইডি-র মূল লক্ষ্য।
