বিশ্বের খবর
মরুভূমির বুকে রহস্যময় অষ্টভুজাকৃতি নকশা! চিনের পরমাণু ঘাঁটির নতুন নির্মাণে কাঁপছে বিশ্ব
ডিজিটাল ডেস্কঃ চিনের উত্তর-পশ্চিমের দুর্গম মরু অঞ্চলে গড়ে ওঠা এক সুবিশাল এবং রহস্যময় সামরিক পরিকাঠামো দেখে ঢোক গিলছে বিশ্ব প্রতিরক্ষা মহল। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রকাশ করা নতুন উপগ্রহ চিত্রে (Satellite Image) দেখা গেছে, জিনজিয়াং (Xinjiang) এবং গানসু (Gansu) প্রদেশের পরমাণু ক্ষেপণাস্ত্র সাইলো বা ভূগর্ভস্থ সংরক্ষণাগারের (Nuclear Missile Silos) আশেপাশে এক নজিরবিহীন নির্মাণযজ্ঞ চালাচ্ছে বেজিং। এই প্রকল্পের মূল আকর্ষণ হলো তিনটি রহস্যময় অষ্টভুজাকৃতি (Octagon) সামরিক কমপ্লেক্স।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আমেরিকার সাথে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে চিন মূলত তাদের ‘সেকেন্ড-স্ট্রাইক’ (Second-Strike) বা পাল্টা আঘাত হানার ক্ষমতা নিশ্চিত করতে চাইছে। অর্থাৎ, শত্রুপক্ষ আগে পরমাণু হামলা চালালেও চিনের মূল পরমাণু অস্ত্রাগার যাতে অক্ষত থাকে, সেই লক্ষ্যেই হাজার হাজার বর্গকিলোমিটার জুড়ে ৮০টিরও বেশি নতুন মিসাইল লঞ্চ প্যাড (Launch Pad), সুরক্ষিত বাঙ্কার এবং বিমানঘাঁটি তৈরি করা হয়েছে। মাটির নিচে অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে যুক্ত করা হয়েছে এই সামরিক কমান্ড কেন্দ্রগুলিকে।
পেন্টাগনের (Pentagon) সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চিনের হাতে প্রায় ১,০০০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। চিনের হাতে ইতিমধ্যেই এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম (ICBM) রয়েছে, যা আমেরিকার যেকোনো শহরে আঘাত হানতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সতর্কবার্তা এবং তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে তৈরি হওয়া টানটান উত্তেজনার মাঝে এই পরমাণু পরিকাঠামো (Infrastructure) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরমাণু প্রতিযোগিতাকে আরও উস্কে দিল।


