ভাইরাল খবর
‘মাছচোর, মাছচোর, তৃণমূল নেতা মাছচোর’! মাছ চুরি করতে গিয়ে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বরুণ সরকার
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরে (Rajpur-Sonarpur) মাছের ভেড়ি (Fishery) থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ভোরে রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বরুণ সরকারকে (Barun Sarkar) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে বোরাল এলাকার একটি ভেড়িতে কয়েকজনকে নিয়ে মাছ তুলছিলেন কাউন্সিলর। অভিযোগ, ভেড়ির মালিকপক্ষের অনুমতি ছাড়াই মাছ তোলা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে কাউন্সিলরকে ঘিরে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে বরুণ সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর মাছ চুরির অভিযোগে (Fish Theft Case) তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে মাছ ধরার জাল (Fishing Net), সরঞ্জাম এবং মাছ রাখার পাত্রও উদ্ধার হয়েছে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত কাউন্সিলর। তাঁর দাবি, সংশ্লিষ্ট ভেড়িটি তিনি সমবায় (Cooperative Society) থেকে লিজ নিয়ে মাছ চাষ করতেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর মাছ চাষের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করে তিনি মাছ তুলে নিচ্ছিলেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ভেড়ির মালিকপক্ষের অভিযোগ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কাউন্সিলরের সঙ্গে আর কারা ছিলেন এবং তাঁদের ভূমিকা কী ছিল, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী শিবিরও বিষয়টি নিয়ে সরব হয়েছে।


