ভাইরাল খবর
নির্বাচনের ভরাডুবির পর প্রথমবার রাস্তায় অভিষেক! ক্ষুব্ধ কর্মীদের পাশে দাঁড়াতে শনিবারই শুরু কর্মসূচি
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রথমবার প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে ফিরছেন তৃণমূল (TMC)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সূত্রে খবর, ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত বলে দাবি করা দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেই শনিবার থেকে মাঠে নামছেন তিনি।
প্রথম দিনের কর্মসূচিতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ এবং কলকাতার বেলেঘাটা বিধানসভা এলাকায় যাবেন ডায়মন্ড হারবার (Diamond Harbour)-এর সাংসদ। সোনারপুরে আক্রান্ত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার এবং বেলেঘাটায় বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নেবেন তিনি। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠছিল। এই পরিস্থিতিতে অভিষেক কেন রাস্তায় নামছেন না, তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও প্রকাশ্যে এ নিয়ে সরব হয়েছিলেন। ঘটনাচক্রে, প্রথম কর্মসূচিতেই কুণালের কেন্দ্র বেলেঘাটায় যাচ্ছেন অভিষেক।
নির্বাচনে ভরাডুবির পর অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেল’ এবং দলের পরামর্শদাতা সংস্থা আই-প্যাক (I-PAC)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে দলের ভিতরেই। কাকলি ঘোষ দস্তিদার ও শান্তনু সেনের মতো নেতারাও প্রকাশ্যে সমালোচনা করেছেন, এবং দলের এমন শোচনীয় সময়ে তারা পদত্যাগ করেছেন।
এদিকে, জেড প্লাস (Z+) নিরাপত্তা প্রত্যাহারের পর শনিবারই প্রথমবার কালীঘাটের বাইরে রাজনৈতিক সফরে যাচ্ছেন অভিষেক। তাঁর এই কর্মসূচিকে ঘিরে কটাক্ষ করেছে বিজেপিও। দলের দাবি, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় অভিষেককেই নিতে হবে।
সব মিলিয়ে, শনিবারের এই সফর থেকে অভিষেক কী রাজনৈতিক বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


