ভাইরাল খবর
প্রাক্তন তৃণমূল বিধায়কের নামের পাশে ‘গ্যাংস্টার’! স্ক্রিনশট ভাইরাল হতেই তোলপাড় রাজনীতি
ডিজিটাল ডেস্কঃ বর্ধমান দক্ষিণের পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক খোকন দাস (Khokon Das)-কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, উইকিপিডিয়ার (Wikipedia) ইংরেজি সংস্করণে তাঁর নামের পাশে ‘Indian Gangster’ এবং পেশার জায়গায় ‘Politician, Gangster’ লেখা হয়েছে। এই স্ক্রিনশট সামাজিক মাধ্যমে (Social Media) ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে ৩০ হাজার ৪৭০ ভোটে পরাজিত হন খোকন দাস। এরপরই তাঁর উইকিপিডিয়া পাতায় বিতর্কিত তথ্য প্রকাশ্যে আসে বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই পাতায় ভাঙচুর, অগ্নিসংযোগ (Arson) এবং দাঙ্গা ছড়ানোর মতো একাধিক অপরাধমূলক মামলার ধারার উল্লেখও রয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র দাবি করেছেন, “উইকিপিডিয়ায় যা লেখা হয়েছে, সেটাই বাস্তব।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, উইকিপিডিয়া একটি ওপেন সোর্স (Open Source) প্ল্যাটফর্ম, ফলে যে কেউ তথ্য সম্পাদনা করতে পারেন। রাজনৈতিক উদ্দেশ্যেই খোকন দাসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ শাসকদলের।
তবে পুরো বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি খোকন দাস।


