ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ (Raiganj) শহরে ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল। প্রথমে প্রাক্তন কাউন্সিলর, তারপর তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) জেলা সভাপতি এবং এবার গ্রেফতার হলেন তৃণমূলের (TMC) যুব নেতা রাজু ঘোষ ওরফে রাজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র (Firearm) রাখার অভিযোগে সোমবার রায়গঞ্জ শহরের বাড়ি থেকেই রাজু ঘোষকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে খবর, রাজু ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। অতীতে দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সংগঠনের কাজে তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধমূলক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই গ্রেফতারির ঘটনায় রায়গঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।