বিশ্বের খবর
অ্যাপলে টিম কুক যুগের অবসান! নতুন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন কে?
ডিজিটাল ডেস্কঃ প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা অ্যাপলে (Apple) একটি ঐতিহাসিক যুগের সমাপ্তি ঘটতে চলেছে। দীর্ঘ ১৫ বছর সিইও (CEO) পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা করলেন টিম কুক। ২০১১ সালে স্টিভ জবসের (Steve Jobs) প্রয়াণের পর তিনি সংস্থার হাল ধরেছিলেন। তাঁর নেতৃত্বেই অ্যাপল বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য (Market Value) স্পর্শ করে এক অনন্য রেকর্ড (Record) গড়েছে।
টিম কুক জানিয়েছেন, ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিনি সিইও পদে থাকবেন এবং এরপর অ্যাপলের বোর্ডে এক্সিকিউটিভ চেয়ারম্যান (Executive Chairman) হিসেবে নতুন ভূমিকা পালন করবেন। তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস (John Ternus)। ৫০ বছর বয়সি টার্নাস ২০০১ সাল থেকে অ্যাপলের সাথে যুক্ত এবং আইফোন (iPhone) ও ম্যাকের (Mac) মতো জনপ্রিয় পণ্যগুলোর ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
টিম কুকের জমানায় অ্যাপল শুধু একটি গ্যাজেট কোম্পানি হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং অ্যাপল মিউজিক ও আইক্লাউড+-এর মতো পরিষেবার মাধ্যমে একটি শক্তিশালী ইকোসিস্টেম (Ecosystem) তৈরি করেছে। বিদায়ী বার্তায় কুক জানিয়েছেন, ব্যবহারকারীদের বিশ্বাস ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় পাওনা। অন্যদিকে, দায়িত্ব পেয়ে জন টার্নাস জানিয়েছেন, টিম কুককে মেন্টর (Mentor) হিসেবে পাওয়া তাঁর জীবনের বড় সৌভাগ্য। স্টিভ জবসের শোম্যানশিপ না থাকলেও টার্নাসকে একজন খাটি ‘পণ্যের মানুষ’ (Product Person) হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল।


