ভাইরাল খবর
“এবার বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর ব্যথা কোথায়?” আই-প্যাক নিয়ে বিস্ফোরক নথি প্রকাশ শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ আই-প্যাক (I-PAC) সংক্রান্ত ইডি (ED) অভিযানের সময় ঘটে যাওয়া ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে জমা দেওয়া আবেদনে ইডি জানিয়েছে, অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং কলকাতা পুলিশের (Kolkata Police) ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। প্রয়োজনে FIR দায়ের ও সিবিআই (CBI) তদন্তের অনুমতিও চাওয়া হয়েছে।
ইডির অভিযোগ, অভিযানের সময় মুখ্যমন্ত্রী ল্যাপটপ (Laptop), মোবাইল ফোন (Mobile Phone) ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে গিয়েছেন। সেগুলি দ্রুত ফেরত দেওয়ার পাশাপাশি তথ্যপ্রমাণ নষ্ট না করার নির্দেশ চাওয়া হয়েছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
এদিকে ইডির পদক্ষেপকে সমর্থন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, জল জীবন মিশন (Jal Jeevan Mission) প্রকল্পের বরাত পাওয়া একটি সংস্থা ২০২১ সালের নির্বাচনের আগে আই-প্যাকের অ্যাকাউন্টে ১৬ কোটি টাকা ট্রান্সফার করেছে। কাকদ্বীপের অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) থেকে ওই লেনদেন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি এবং চেক নম্বর-সহ নথি প্রকাশ করেন।
শুভেন্দুর মন্তব্য, “এবার বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর ব্যথাটা কোথায়? কেন তিনি তড়িঘড়ি আই-প্যাকের কর্ণধারের বাড়িতে গিয়েছিলেন।” তাঁর অভিযোগ, ইডি অভিযানে বাধা দেওয়া একটি ফৌজদারি অপরাধ এবং মুখ্যমন্ত্রীর আচরণ অনৈতিক ও অসাংবিধানিক।
