ভাইরাল খবর
কুয়াশার জেরে নামতে পারল না কপ্টার, কলকাতা ফিরলেন প্রধানমন্ত্রী মোদি
ডিজিটাল ডেস্কঃ ঘন কুয়াশার (Dense Fog) কারণে নদিয়ার রানাঘাটে (Ranaghat) অবতরণ করতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কপ্টার (Helicopter)। নির্ধারিত সময়েই কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) পৌঁছে সেখান থেকে নদিয়ার তাহেরপুরের (Taherpur) উদ্দেশে রওনা দিয়েছিল প্রধানমন্ত্রীর কপ্টার। তবে দৃশ্যমানতা (Visibility) অত্যন্ত কম থাকায় রানাঘাট এলাকায় পৌঁছেও কপ্টার নামানো সম্ভব হয়নি।
পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তার স্বার্থে কপ্টারটি ফের কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। সূত্রের খবর, বর্তমানে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে (VIP Lounge) অপেক্ষা করছেন। আবহাওয়ার উন্নতি হলে তিনি পুনরায় কপ্টারেই তাহেরপুরের উদ্দেশে রওনা দিতে পারেন। বিকল্প হিসেবে সড়কপথে (Road Route) সভাস্থলে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
এদিকে, নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শনিবার সকাল থেকেই উত্তেজনার ছবি সামনে এসেছে। সভাস্থলে পৌঁছোনোর আগেই বিশৃঙ্খলা শুরু হয়। অভিযোগ, বিজেপি নেতা-কর্মীদের (BJP Workers) সভায় যোগ দিতে বাধা দেওয়া হয়।
বহরমপুর সাংগঠনিক জেলা থেকে বিজেপির কর্মীরা সকালে তাহেরপুরের উদ্দেশে রওনা দিলে, ১২ নম্বর জাতীয় সড়কে (NH-12) রেজিনগর–বেলডাঙা থানার মধ্যবর্তী এলাকায় তাঁদের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিজেপির দাবি, পুলিশ ভ্যান দাঁড় করিয়ে কার্যত রাস্তা অবরোধ (Road Blockade) করা হয়।
বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজনের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া (Official Response) মেলেনি।
প্রসঙ্গত, এদিন সকাল ১০টা ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। রাজ্যের তরফে তাঁকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যসচিব মনোজ পন্থ। ২০১৯ সালে তাহেরপুরে সভা করে সিএএ (CAA) নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এবারে এসআইআর (SIR) আবহে তাঁর বার্তার দিকেই নজর রাজনৈতিক মহলের।


