ভাইরাল খবর
সবরমতী জেলে রিসিন ষড়যন্ত্রে ধৃত জঙ্গি চিকিৎসকের ওপর হামলা, তিন বন্দির বিরুদ্ধে FIR
ডিজিটাল ডেস্কঃ গুজরাটের সবরমতী জেলের (Sabarmati Jail) কড়া নিরাপত্তার মধ্যেও এক সন্দেহভাজন জঙ্গি চিকিৎসকের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। মারণ বিষ রিসিন (Ricin) ব্যবহার করে দেশে ভয়াবহ গণহত্যার (Mass Killing) ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া চিকিৎসক আহমেদ মহিউদ্দিন সইদকে তাঁর নিরাপত্তা-নিয়ন্ত্রিত বিশেষ সেলে একাই রাখা হয়েছিল। তবুও তিন বন্দি হঠাৎ করে তাঁর সেলে ঢুকে বেধড়ক মারধোর করে বলে জানিয়েছে সবরমতী জেল কর্তৃপক্ষ।
গত ৮ নভেম্বর, গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) তিন চিকিৎসককে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে। অভিযোগ, তারা রিসিন নামক প্রাণঘাতী রাসায়নিক ব্যবহার করে দেশে বড়সড় গণহত্যার ছক কষেছিল। তাদের অন্যতম মহিউদ্দিন সইদকে রাখা হয়েছিল হাই-সিকিউরিটি জেলে (High Security Cell)।
জেল সুপার গৌরব আগরওয়াল জানান, ঘটনাটি ঘটে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। হঠাৎ তিন বন্দি সইদের সেলে প্রবেশ করে এবং কাউকে বুঝতে না দিয়েই তাঁকে এলোপাথাড়ি মারধোর করে। জেলের ভেতর হট্টগোল শুনে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন এবং জেলের মধ্যেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট তিন বন্দির বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করা হয়েছে। হামলার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি হাই-প্রোফাইল (High-Profile) বন্দিদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে যাতে এমন ঘটনা ফের না ঘটে।


