হামলা
পাঞ্জাবি গায়ক তেজির পাকস্থলীতে গুলি, রোহিত গোদারা গ্যাংয়ের হুমকি ঘিরে তোলপাড়
ডিজিটাল ডেস্কঃ পাঞ্জাবি সঙ্গীতজগতের (Punjabi Music Industry) এক পরিচিত মুখ, তেজি কাহালন (Teji Kahlon)। কানাডায় (Canada) তাঁর উপর গুলিচালনার (firing) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুই দেশেই। গুলিকাণ্ডের দায় স্বীকার করেছে কুখ্যাত রোহিত গোদারা গ্যাং (Rohit Godara Gang)।
সোশ্যাল মিডিয়ায় (social media) এক বিস্ফোরক পোস্টে তারা দাবি করেছে, তেজি কাহালন তাদের প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলিকে অস্ত্র (arms), অর্থ (funds) এবং গোপন তথ্য (intel) দিয়ে সাহায্য করতেন। এই অভিযোগেই নাকি তাঁর উপর হামলা চালানো হয়েছে।
পোস্টে সরাসরি বলা হয়েছে, “আমরা কানাডায় তেজি কাহালনের উপর গুলি চালিয়েছি। একেবারে পাকস্থলীতে (stomach) গুলি লেগেছে। এবার যদি বুঝে যায় ভালো, নইলে পরেরবার শেষ করে দেব।” একই সঙ্গে হুঁশিয়ারি, “আমাদের প্রতিপক্ষদের যেসব ব্যবসায়ী, হাওয়ালা অপারেটর বা গায়করা সাহায্য করছে, তাদের এবং তাদের পরিবারকে ছাড়ব না।”
তেজি কাহালন মূলত ‘ঝুমর’, ‘মিঠি জেল’, ‘টাইম চাক দা’, ‘বাপু তেরা পুত্ত নিকম্মা’ গানগুলির মাধ্যমে পাঞ্জাবি গানপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। সেই জনপ্রিয় গায়ককে গুলি করা হয়েছে শুনে হতবাক ভক্তরা।
ঘটনার পর কানাডার স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তেজির শারীরিক অবস্থা সম্পর্কে (health update) এখনও কিছু জানা যায়নি। তিনি বেঁচে আছেন কিনা, হাসপাতালে ভর্তি কিনা—সে সম্পর্কেও কোনও নিশ্চিত বিবৃতি আসেনি।
গোদেরা গ্যাংয়ের বক্তব্য অনুযায়ী, তেজি কেবল সঙ্গীতশিল্পীই নন, তিনি তাদের শত্রু গোষ্ঠীর ‘সহযোগী’ (collaborator)। এমনকি তাঁর মাধ্যমে নাকি শত্রু গ্যাং গোপন তথ্য পেত, এবং অর্থ ও অস্ত্রের জোগানও দিতেন তিনি।
এই ঘটনায় শুধুই গায়ক নয়, আতঙ্কে রয়েছেন সেই সব ব্যবসায়ী, নির্মাতা (builder), হাওয়ালা ডিলার এবং বিনিয়োগকারীরা যাদের নাম রোহিত গোদারা গ্যাং পরোক্ষে উল্লেখ করেছে। সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে, “ভুলবশতও কেউ আমাদের শত্রুকে সাহায্য করলে, তাকেও রেহাই দেওয়া হবে না।”


