ভাইরাল খবর
“সমস্যা কখনওই পোশাকে নয়”! চলন্ত বাসে শাড়ি পরা তরুণীর বুকের দিকে অপমানজনক দৃষ্টি প্রৌঢ়ের, ভাইরাল ভিডিও
ডিজিটাল ডেস্কঃ শাড়ি পরে উৎসবমুখর সাজে বেরিয়েছিলেন এক তরুণী। কিন্তু সেই সাজ, সেই আনন্দ মুহূর্তেই বদলে গেল বিব্রতকর অভিজ্ঞতায়। কেরলের (Kerala) কোচি (Kochi)-তে চলন্ত বাসে ঘটে গেল এক অস্বস্তিকর ঘটনা। পাশে বসা এক প্রৌঢ় সহযাত্রী তরুণীর দিকে আপত্তিকরভাবে তাকিয়ে ছিলেন—এমন অভিযোগ এনেছেন ওই মহিলা নিজেই। তাঁর মোবাইলে তোলা ভিডিও এখন ইন্টারনেটজুড়ে ভাইরাল, আর তা ঘিরেই উত্তাল নেটমাধ্যম।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওনামের (Onam) সাজে সেজে ওঠা এক তরুণীর পাশেই বসে আছেন এক প্রৌঢ় যাত্রী। তিনি বারবার মেয়েটির বুকের দিকে তাকাচ্ছিলেন। তরুণী সরাসরি তাকাতেই চোখ ফিরিয়ে নেন ওই ব্যক্তি, তবে কিছুক্ষণ পরই আবার একইভাবে তাকাতে থাকেন। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে ওই মহিলা লেখেন, “সমস্যা কখনওই পোশাকে নয়।”
এই ভিডিও সামনে আসতেই নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কারও কথায়, “প্রমাণ হয়ে গেল, পোশাক নয়, আসল সমস্যা পুরুষতান্ত্রিক মানসিকতা।” আরেকজন লেখেন, “মেয়েটির সাহসিকতা প্রশংসার যোগ্য। ভিডিও না করলে হয়তো কেউ বিশ্বাসই করত না।”
অনেকেই এই ঘটনায় স্পষ্ট বার্তা দিয়েছেন—সোশ্যাল মিডিয়ার সাহসে আজকের নারীরা চুপ করে বসে থাকছেন না। কেউ কেউ আরও লেখেন, “শাড়ি, জিনস, সালোয়ার… কিছুতেই রেহাই নেই। নারী বলেই এ সমাজ প্রশ্ন তোলে।”
এই ঘটনা ফের প্রমাণ করল, সম্মানহানির জন্য দায়ী কখনওই পোশাক নয়—দায়ী মানসিকতা।


