দেশের খবর
ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, সহমর্মিতার বার্তা দিয়ে সাহায্য পাঠাল ভারত
ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত পরিস্থিতিতে পাশে দাঁড়াল ভারত। প্রধানমন্ত্রীর (Prime Minister) বার্তার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিয়ে আফগানিস্তানে পাঠানো হল মানবিক সহায়তা। সোমবার ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) এক্স হ্যান্ডেলে (X) জানায়, প্রাথমিক পর্যায়ে এক হাজারেরও বেশি তাঁবু ও ১৫ টন খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে।
গত রবিবার রাতে আফগানিস্তানের কুনার (Kunar) প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের উৎস ছিল মাত্র ৮ কিমি গভীরে, যার ফলে প্রভাব আরও বেশি ছিল। এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৮০০-র বেশি মানুষ, আহত প্রায় ৩ হাজার। ভূকম্পনের রেশ পৌঁছে গিয়েছিল তাজিকিস্তান, পাকিস্তান এবং ভারতের দিল্লি পর্যন্ত।
দুর্যোগের খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এক্স হ্যান্ডেলে লেখেন, “আফগানিস্তানে ভূমিকম্পে এত প্রাণহানিতে আমি গভীরভাবে ব্যথিত। ভারত প্রয়োজনীয় সবরকম সহায়তা দিতে প্রস্তুত।” এরপরই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi) সঙ্গে ফোনে কথা বলেন।
UNOCHA (United Nations Office for the Coordination of Humanitarian Affairs) জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের কামা জেলায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি হল কুনার, লাঘমান, নাঙ্গারহার ও নুরিস্তান। প্রায় ১২,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভারতের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও আরও সাহায্য পাঠানো হবে। এই মানবিক পদক্ষেপে ভারতের সংহতির বার্তা পৌঁছে গেল বিশ্ব দরবারে।


