ভাইরাল খবর
শহরের বুকে সেনা-পুলিশ উত্তেজনা, রাইটার্সের সামনে নাটকীয় ঘটনা
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক কেন্দ্র রাইটার্স বিল্ডিংয়ের (Writers’ Building) সামনেই ঘটে গেল নাটকীয় ঘটনা। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কলকাতা ট্র্যাফিক পুলিশ (Kolkata Police) থামিয়ে দেয় সেনাবাহিনীর (Indian Army) একটি ট্রাক। অভিযোগ, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল এবং বিপজ্জনকভাবে মোড় নিয়েছিল। ঠিক সেই সময় সেনার ওই গাড়ির পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার (CP Manoj Verma) কনভয়।
লালবাজার (Lalbazar) সূত্রে জানা যাচ্ছে, ট্রাফিক পুলিশের সন্দেহ হয় যে সেনার গাড়ির আচরণে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। সেই আশঙ্কায় রাইটার্সের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রাকটি এবং খবর পাঠানো হয় হেয়ার স্ট্রিট থানায় (Hare Street PS)।
ঘটনার সময় সেনার ট্রাকটি যাচ্ছিল ফোর্ট উইলিয়াম (Fort William) থেকে পাসপোর্ট অফিসের দিকে। সেনাবাহিনীর তরফে অবশ্য পুলিশের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, গাড়ির গতি স্বাভাবিক ছিল এবং নিয়ম মেনেই চলছিল। সিপির কনভয় পিছনে রয়েছে, তা তাঁদের জানা ছিল না।
যদিও ট্র্যাফিক পুলিশের বক্তব্য, সিগনাল খোলা থাকলেও মোড় নেওয়ার ধরণ ছিল বিপজ্জনক। এক আধিকারিক বলেন, “নিয়ম ভাঙা হয়েছে বলেই ট্রাক আটকানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন সেনাবাহিনী ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) মধ্যে টানাপোড়েন চলছে। সোমবারই ধর্মতলায় (Dharmatala) তৃণমূলের সভার মঞ্চ ঘিরে সেনার সঙ্গে বিতর্কে জড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তোলেন তিনি সেনার বিরুদ্ধে। তার পরদিনই শহরের প্রাণকেন্দ্রে সেনা-পুলিশ মুখোমুখি হওয়ায়, উত্তেজনা আরও বাড়ল বলেই মত বিশেষজ্ঞদের।


