রাজনীতি
আচমকা অসুস্থ অগ্নিমিত্রা, হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক
ডিজিটাল ডেস্কঃ আচমকা অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বুধবার গভীর রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁকে ভর্তি করতে হল বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
দলীয় কর্মকাণ্ডে সবসময় সক্রিয় অগ্নিমিত্রা (BJP MLA) নিয়মিতই নিজের এলাকায় যান এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। বুধবার রাতে হঠাৎই তাঁর শ্বাসকষ্ট বাড়তে থাকে। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পশ্চিমবঙ্গে আসছেন। মেট্রো পরিষেবার উদ্বোধন ছাড়াও দমদমে একটি জনসভায় যোগ দেবেন তিনি। স্বাভাবিকভাবেই রাজ্যের বিজেপি নেতৃত্বের বেশ কয়েকজনকেই এই কর্মসূচিতে দেখা যাবে। তবে অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা—তিনি আদৌ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না।
দলের মহলে জল্পনা, এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে যদি তাঁকে শিগগিরি ছাড়া হয়ও, চিকিৎসকদের পরামর্শ মেনে কয়েকদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। ফলে মোদির (PM Modi) বঙ্গ সফরে অগ্নিমিত্রার অনুপস্থিতি কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।


