ভাইরাল খবর
ভোটার লিস্ট ইস্যুতে কমিশনকে চ্যালেঞ্জ, লোকসভা ভাঙার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ডিজিটাল ডেস্কঃ বিশেষ ও নিবিড় ভোটার পরিমার্জন (SIR) নিয়ে ফের কড়া অবস্থান নিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার নয়াদিল্লি যাওয়ার পথে তিনি স্পষ্ট জানান—SIR নিয়ে তাঁর আপত্তি নেই, তবে তার আগে লোকসভা (Lok Sabha) ভেঙে দেওয়া হোক। এদিন তিনি দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে, যেখানে উপস্থিত থাকবেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)ও।
রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, “গতকালের বিরোধী দলগুলির শান্তিপূর্ণ মিছিলে ৩০০-র বেশি জনপ্রতিনিধি ছিলেন। তবু কমিশনের সদর দফতরে ঢুকতে দেওয়া হয়নি, বরং পুলিশ অতিসক্রিয় হয়ে সাংসদদের উপর বর্বরতা চালিয়েছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আগেও যখন আমরা প্রতিবাদ করেছি, তখনও স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ একইভাবে হামলা করেছিল।”
আরও পড়ুনঃ রাতে ফেরার সময় গুলি বুকে-মাথায়, ফের খুন তৃণমূল নেতা—৩৭ দিনে মৃত ১০
অভিষেকের দাবি, যদি কমিশনের সব শর্ত মানতে হয়, তাহলে আগে স্বীকার করা উচিত—এই ভোটার লিস্টের ভিত্তিতেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন, বিজেপি (BJP) রাজ্য দখল করেছে। “তাহলে প্রথমে ওনারা পদত্যাগ করুন, লোকসভা ভেঙে দিন। তারপর নতুন তালিকায় সারাদেশে নির্বাচন হোক, আমরাও দৃষ্টান্ত স্থাপন করব,” বলেন তিনি।
এদিন দিল্লি পুলিশের বিরুদ্ধে মহিলা সাংসদদের উপর নিগ্রহের অভিযোগও তোলেন অভিষেক। তাঁর কথায়, “কমিশন বিজেপির কৃতদাস হয়ে গেছে। সাংসদদের আটক করে থানায় বসিয়ে রাখা হয়েছে, অথচ মানুষের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি।” পাশাপাশি বাংলায় SIR চলাকালীন একজনের নাম বাদ গেলে, এক লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি।
