ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালিদের ভিনরাজ্যে হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামা নিয়ে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মঙ্গলবার বালুরঘাটে (Balurghat) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বিপদে পড়লেই বাঙালির মন্ত্র জপ করেন, এতে আর নতুন কিছু নেই। মানুষ সব বুঝে গিয়েছে।”
তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেতাদের দুর্নীতির দায় এড়াতেই এখন জাতীয়তাবাদের মোড়কে আবেগের খেলা খেলছেন। তিনি বলেন, “অভিজিৎ সরকার খুনে নাম জড়ানোয় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলর চার্জশিটের পর হাইকোর্টে ছুটেছেন। ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’—এই অবস্থা এখন ওঁদের। গ্রেফতার হবেই।”
আরও পড়ুনঃ ২১ জুলাই শহিদ দিবস ঘিরে জোর প্রস্তুতি তৃণমূলের, মোদীর সভায় কটাক্ষ সায়নী ও জয়প্রকাশের
সুকান্ত বলেন, “তৃণমূল নেতাদের রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যজুড়ে নাটক করছেন। কিন্তু আইনের হাত লম্বা, কাউকেই ছাড়া হবে না।”
তিনি আরও দাবি করেন, ভাঙড়ে (Bhangar) তৃণমূল কর্মী রেজ্জাক খাঁ খুনের ঘটনাও প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস (TMC) গোটা রাজ্যকে “যুদ্ধক্ষেত্রে” পরিণত করেছে। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেস এখন আর রাজনৈতিক দল নয়, এটি দুষ্কৃতীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। রাজ্যজুড়ে আতঙ্ক আর খুনখারাপি—এই তৃণমূলের আসল চেহারা।”
বিজেপি নেতৃত্বের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই “ভবিষ্যৎমুখী বাঙালি আবেগ” আসলে তাঁর সরকারের ব্যর্থতা আড়াল করার রাজনৈতিক প্রয়াস। এখন দেখার, এই আক্রমণের পাল্টা কী জবাব দেন তৃণমূল নেতৃত্ব।