প্রতারণা
উর্দির আড়ালে ভয়ঙ্কর নাটক! পুলিশের ছদ্মবেশে ঘুরে বেড়ানো যুবক ধরা পড়ল পুলিশের হাতেই
ডিজিটাল ডেস্কঃ প্রতারণার চেহারাই বদলে যাচ্ছে আজকের দিনে। আর যখন প্রতারক নিজেই পরে পুলিশের উর্দি, তখন বিশ্বাসঘাতকতার রূপ আরও শিউরে ওঠার মতো হয়। উত্তর ২৪ পরগনার গাইঘাটার শিমুলপুর চৌরঙ্গী এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল এক ভুয়ো কনস্টেবল। অভিযুক্ত যুবকের নাম অঙ্কিত ঘোষ (Ankit Ghosh)।
এক বছর ধরে নিজেকে পুলিশ কনস্টেবল বলে পরিচয় দিত অঙ্কিত। বাড়ির লোক থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী— সকলের কাছেই পরিচিত ছিলেন ‘পুলিশ দাদা’ নামে। সকালবেলা নির্দিষ্ট সময়ে পুলিশের পোশাক পরে বেরিয়ে যেতেন, বলতেন “ডিউটিতে যাচ্ছি”। সোশ্যাল মিডিয়ায় উর্দি পরে দিতেন ছবি। গর্বে বুক ফুলে উঠত পরিবারের, আশপাশের লোক বলত, “কম বয়সেই অনেক কিছু করে ফেলেছে ছেলেটা।” কিন্তু এই গর্বের ভিতরেই লুকিয়ে ছিল ভয়ানক প্রতারণা।
আরও পড়ুনঃ ২২ বছরের মহিলাকে ধর্ষণ, সেলফি তুলে লেখে ‘আমি আবার আসব’— তদন্তে নেমেছে পুলিশ
বিশেষ সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ নজরদারি শুরু করে। মঙ্গলবার অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে কনস্টেবল হওয়ার দাবি করলেও, কাগজপত্র চাওয়ায় ভেঙে পড়ে এবং স্বীকার করে নেয় পুরো ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক পুলিশের উর্দি, নেমপ্লেট, ভুয়ো আইডি কার্ড উদ্ধার হয়েছে তার কাছ থেকে।
জানা গিয়েছে, অঙ্কিত পুলিশে চাকরির পরীক্ষায় বসেছিলেন। কিন্তু পাশ করতে পারেননি। তা সত্ত্বেও বাড়িতে জানিয়ে দেন— চাকরি হয়ে গেছে। এরপর শুরু হয় ছদ্মবেশের খেলা।
পুলিশ এখন খতিয়ে দেখছে, শুধুই পরিচয়ের প্রতারণা না কি এর আড়ালে ছিল আরও কোনও অপরাধচক্র। এক প্রতিবেশীর কথায়, “যাকে পুলিশ ভেবেছিলাম, সে যে পুলিশেরই ফাঁদে ধরা পড়বে, ভাবিনি কখনও!”
