জেলার খবর
মানসিক ভারসাম্যহীন মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা
ডিজিটাল ডেস্কঃ যে বাবা রক্ষক হওয়ার কথা, তিনিই পরিণত হলেন ভক্ষকে! দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার কুমারগঞ্জ থানার বেলতারা গ্রামে (Beltara) ঘটে গেল এমনই এক বিভীষিকাময় ঘটনা। অভিযোগ, মানসিকভাবে ভারসাম্যহীন ১২ বছরের এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করেছে তার নিজের বাবা।
নাবালিকার মা এবং সে নিজেই কথা ঠিকমতো বলতে পারে না। আচরণও স্বাভাবিক নয়। সেই অসহায়তার সুযোগেই নির্যাতন চালাত তার জন্মদাতা! এই ঘটনা প্রকাশ্যে আসে একটি আইসিডিএস (ICDS) সেন্টারের স্বাস্থ্যকর্মীর তৎপরতায়। শিশুদের ‘গুড টাচ, ব্যাড টাচ’ ও স্যানিটারি ন্যাপকিন নিয়ে সচেতন করতে গিয়েই এক শিশুর মুখে সমস্ত ঘটনা জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।
তারপরেই মঙ্গলবার কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। নির্যাতিতাকে বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat District Hospital) পাঠানো হয় মেডিক্যাল পরীক্ষার জন্য। সেখানকার রিপোর্টে যৌন নিগ্রহের প্রমাণ মেলে। সঙ্গে সঙ্গে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার ধৃতকে তোলা হয় বালুরঘাট জেলা আদালতে (Balurghat Court)। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সবাই একবাক্যে বলছেন, “এটা আর মানুষ নয়, নরপিশাচ!” পুলিশের তরফে জানানো হয়েছে, দ্রুত তদন্ত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
