খেলার খবর
সম্পর্কের জল্পনা ভাঙলেন এষা, হার্দিক পাণ্ডিয়া নিয়ে জানালেন সব
ডিজিটাল ডেস্কঃ বলিউড ও ক্রিকেট— দুই দুনিয়ার প্রেমের গল্প নিয়ে চিরকালই তীব্র আগ্রহ থাকছে ভক্তদের মধ্যে। আর তেমনই একটি জল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) এবং অভিনেত্রী এষা গুপ্তা (Esha Gupta)। দীর্ঘদিন ধরেই বি-টাউনে কানাঘুষো চলছিল তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে। তবে এতদিন পর সেই সম্পর্কের গুঞ্জনে নিজেই আলোর রেখা ফেললেন এষা।
সম্প্রতি এক জনপ্রিয় চ্যাট শো-তে সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে মুখ খোলেন ‘রাজ ৩’ খ্যাত অভিনেত্রী। এষা বলেন, “আমরা দু’মাসের মতো নিয়মিত যোগাযোগ রেখেছিলাম। তবে সেটা ডেটিং বলার মতো কিছু নয়। এটা এমন এক পর্যায়ে ছিল, যেখানে প্রেম হতে পারত আবার নাও হতে পারত।” অভিনেত্রীর কথায় স্পষ্ট— দু’জনের মধ্যে এক ধরণের অনুভব ছিল ঠিকই, কিন্তু সম্পর্ক সেভাবে গড়ায়নি।
আরও পড়ুনঃ যাঁর হাতে বন্দি হয়েছিলেন অভিনন্দন, সেই পাক সেনা এবার খতম টিটিপি-র গুলিতে
তাহলে কি তাঁদের দেখা-সাক্ষাৎ একেবারেই হয়নি? সেই প্রশ্নের জবাবে এষা বলেন, “এই সময়ের মধ্যে আমরা এক–দু’বার দেখা করেছিলাম। কিন্তু তারপর বিশেষ কিছু এগোয়নি।”
কারণ কী? সম্পর্ক থেমে যাওয়ার পেছনে কোনও বিতর্ক বা তিক্ততা ছিল না বলেই দাবি এষার। তাঁর কথায়, “আমাদের মধ্যে কিছু মতভেদ ছিল। আর হয়তো সময়টাও সঙ্গ দেয়নি। তবে এটা নাটকীয় কিছু নয়।”
হার্দিক পাণ্ডিয়া অতীতে বহুবার বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে ‘কফি উইথ করণ’ (Koffee with Karan) অনুষ্ঠানে মহিলাদের নিয়ে তাঁর মন্তব্য নিয়ে সেসময় প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। যদিও সেই ঘটনার প্রসঙ্গ টেনে এষা বলেন, “না, আমাদের মধ্যে তখন আর কোনও কথা হত না। ওসব নিয়ে আমাদের সম্পর্কের উপর কোনও প্রভাব পড়েনি।”
সব মিলিয়ে প্রেম না হলেও, হার্দিক-এষার কথোপকথনের অধ্যায় ছিল অনিশ্চয়তার রঙে আঁকা এক ক্ষণস্থায়ী গল্প। যদিও সেই অধ্যায় এখন অতীত।
