রাজনীতি
‘পাগলু’র অভিনয় আর কত? ঘাটালবাসীর ক্ষোভ, মাস্টার প্ল্যান নিয়ে দেবকে কড়া কটাক্ষ বিজেপি বিধায়কের
ডিজিটাল ডেস্ক: ঘাটাল (Ghatal) মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে ফের তুঙ্গে বিতর্ক। টানা বৃষ্টিতে ঘাটাল ও সংলগ্ন এলাকায় জলমগ্ন অবস্থা, বাড়ছে মানুষের দুর্ভোগ। এই অবস্থায় রাজনৈতিক মহলে ফের উঠে এসেছে পুরনো প্রশ্ন— ‘এখনও কেন বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান?’ এবার সরাসরি আক্রমণের মুখে পড়লেন ঘাটালের সাংসদ দেব (Dev)। তাঁর উদ্দেশে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট (Sheetal Kapat) এবং তাঁর অনুগামীরা।
শীতল কপাটের ফলোয়ার্স পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি আক্রমণাত্মক পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে—
“তাহলে কী এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন! অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জীবন ও আবেগ নিয়ে মিথ্যা অভিনয় আর কত করবেন? ঘাটালের মানুষকে আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজে ঢাক বাজিয়ে নিজেকে মাস্টারপ্ল্যান চ্যাম্পিয়ান বলেছেন আর ঘাটালের মানুষ আপনাকে ঢপবাজ বলছে।”
শীতল কপাট (Sheetal Kapat) নিজেও দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন,
“এবার দেখবেন পাগলু ঘাটালে শ্যুটিং করতে আসবেন। আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজের ঢাক নিজেই বাজিয়েছিলেন। এখন মানুষ আপনাকে ঢপবাজ বলছে। আপনি শুধু অভিনয় করতে জানেন, মিথ্যে প্রতিশ্রুতি দিতে জানেন। সিনেমা আর বাস্তবকে এক মনে করেছেন। ঘাটালের মানুষ আজ জবাব চাইছে।”
তবে দেবকে আক্রমণ নিয়ে তৃণমূল (TMC) একেবারেই গুরুত্ব দিতে রাজি নয়। ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি (Ajit Maity) বলেন,
“শীতল কপাট নাকি আগেও দেবের কাছে যেতেন, তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তাঁর। এখন বুঝে গিয়েছেন তৃণমূলে তার জায়গা নেই, তাই কুৎসা করছেন।”
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে নানা রাজনৈতিক প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে কাজের অগ্রগতি না হওয়ায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষও। জলযন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজছে ঘাটালের বাসিন্দারা। এখন দেখার, রাজনীতির এই তর্কে কে শেষ হাসি হাসেন।
