রাজনীতি
‘তৃণমূলের পাশে মানেই পাপের সঙ্গী’— ভোটারদের উদ্দেশে বিজেপির সরাসরি বার্তা
ডিজিটাল ডেস্কঃ কালীগঞ্জ উপনির্বাচনের প্রচার শেষের দিন মঙ্গলবার সমস্ত শক্তি ময়দানে নামাল বিজেপি। শেষবেলার প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপি প্রার্থী আশিস ঘোষ (Ashish Ghosh)-কে নিয়ে তাঁরা এক সাংবাদিক বৈঠকও করেন। সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে সুকান্তবাবু শুরু করেন তীব্র আক্রমণ।
সুকান্তবাবু বলেন, “তৃণমূলের বোতাম টিপলে চন্দন দাস (Chandan Das) এবং হরগোবিন্দ দাস (Hargobinda Das)-এর রক্ত আপনার হাতেও লাগবে।” তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুসলিম ভোটব্যাঙ্ক ধরে রাখতে OBC সংরক্ষণের নামে ৯৭টি মুসলিম গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে চাইছেন। তাঁর দাবি, “OBC সংরক্ষণের আড়ালে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা চলছে। সামনাসামনি এই কাজ করা সম্ভব নয়, কারণ সেটা সংবিধান বিরোধী। তাই পিছনের দরজা দিয়ে এই প্রক্রিয়া এগোতে চাইছে তৃণমূল।”
আরও পড়ুনঃ নবম-দশম শ্রেণির জন্য ২৩ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ, শুরু হল আবেদন প্রক্রিয়া
এদিন শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন। বিজেপির দাবি, এই ধরনের ধর্মীয় রাজনীতি দেশভাগের চক্রান্তের মতোই বিপজ্জনক। সুকান্তবাবু বলেন, “এই পদ্ধতি ১৯৪৬ সালে জিন্নাহ (Jinnah)-ও চেয়েছিলেন। তখন দেশ ভাগ হয়েছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই হাঁটছেন।”
তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন, তাঁরা মমতার পাপের সঙ্গী হবেন। আরজি কর (Arji Kor) কাণ্ড, মহেশতলা (Maheshtala) মন্দির ভাঙা, তুলসিতলা উপড়ে ফেলা, সামসেরগঞ্জ (Samserganj), ধুলিয়ান (Dhuliyan)-এ হিন্দুদের খুন— এসব মেনে নিলে তৃণমূলের বোতাম টিপে নিজের হাতেই চন্দন দাস ও হরগোবিন্দ দাসের রক্ত মাখতে হবে।”
বিজেপির লক্ষ্য, কালীগঞ্জ উপনির্বাচনে শেষ মুহূর্তে হিন্দু ভোট একজোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বড়সড় বার্তা দেওয়া। বিজেপির এই প্রচার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
