ভয়াবহ বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে ফেরা রমেশ, দেশজুড়ে চলছে প্রার্থনা
Connect with us

দুর্ঘটনা

ভয়াবহ বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে ফেরা রমেশ, দেশজুড়ে চলছে প্রার্থনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নতুন মোড়। যেখানে সবাই ভেবেছিলেন কোনও যাত্রীই বেঁচে নেই, সেখানে উদ্ধার হলেন এক যাত্রী—‌এ যেন অলৌকিক ঘটনা! অহমেদাবাদ পুলিশের কমিশনার জিএ মালিক (J. A. Malik) বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনার মধ্যে থেকেও প্রাণে বেঁচে গিয়েছেন একজন। ওই যাত্রীকে খুঁজে পাওয়া গিয়েছে ধ্বংসস্তূপের মধ্যে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি, তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, ওই যাত্রীর নাম রমেশ বিশ্বকুমার (Ramesh Vishwakumar)। তিনি বিমানের ১১এ (11A) আসনে ছিলেন। দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। উল্লেখযোগ্যভাবে, রমেশকে হেঁটে বেরিয়ে আসতে দেখা যায়। তাঁর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এক্স (X) এবং অন্যান্য সামাজিক মাধ্যমে। এই ঘটনা এখন ‘মিরাকল’ (Miracle) হিসেবে চর্চার কেন্দ্রবিন্দুতে।

দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের (London) উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার (Air India) AI171 বিমান। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিমানে বিপত্তি। ডিজিসিএ (DGCA) সূত্রে জানা গিয়েছে, পাইলট আকাশেই ‘মে’ডে’ (Mayday) সংকেত পাঠান। এরপর বিমানের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। বিমানটি ভেঙে পড়ে বিজে মেডিক্যাল কলেজ (BJ Medical College)-এর ছাত্রাবাসের একটি বহুতলে। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী

Advertisement
ads

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০০টি দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই হস্টেলে থাকতেন প্রায় ৫০ জন চিকিৎসক এবং পড়ুয়া। তাঁদের মধ্যে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। এখনও উদ্ধার কাজ চলছে। বিমানের আরোহীদের পরিবারের সদস্যরা আহমেদাবাদ বিমানবন্দরে ভিড় জমাতে শুরু করেছেন।

এদিকে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) এবং রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু (K. Ram Mohan Naidu)। তিনি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, বিমানের সকল আরোহীর মৃত্যুর আশঙ্কা। কিন্তু তার মধ্যেই রমেশ বিশ্বকুমারের অলৌকিকভাবে বেঁচে ফেরা যেন কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে।

প্রসঙ্গত, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাহায্যের জন্য দেওয়া হয়েছে দুটি হেল্পলাইন নম্বর—011-24610843 এবং 9650391859। পাশাপাশি আহমেদাবাদ পুলিশও বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে।

বিমানের ধ্বংসস্তূপের মধ্য থেকে রমেশ বিশ্বকুমারের হেঁটে বেরিয়ে আসার দৃশ্য এই মর্মান্তিক ঘটনায় যেন আশ্চর্য এক বার্তা দিয়ে গেল। তাঁর সুস্থতা কামনায় এখন দেশজুড়ে প্রার্থনা চলছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement