রাজনীতি
ভারতে আইফোন তৈরিতে আপত্তি ট্রাম্পের, টিম কুককে ‘সরাসরি’ সতর্কবার্তা
ডিজিটাল ডেস্কঃ ভারতের মাটিতে অ্যাপল (Apple) পণ্যের উৎপাদন বন্ধ করার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বৃহস্পতিবার দোহায় (Doha) এক অনুষ্ঠানে নিজেই একথা প্রকাশ্যে আনেন তিনি। ট্রাম্প জানান, অ্যাপল সিইও টিম কুক (Tim Cook)-কে তিনি সাফ বলেছেন, “আমি শুনেছি আপনি ভারতে প্রোডাকশন করছেন, কিন্তু আমি চাই না আপনি সেখানে কিছু তৈরি করুন।”
ট্রাম্পের এই বক্তব্য নতুন করে চর্চা শুরু করেছে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে। তাঁর দাবি, ভারতের বাজারে আমেরিকার পণ্যের উপর চড়া শুল্ক চাপানো হয়, ফলে সেখানে ব্যবসা করা খুব কঠিন। ট্রাম্পের বক্তব্য, “ভারত বিশ্বের অন্যতম শীর্ষ শুল্ক আরোপকারী দেশ। ফলে আপনি যদি ওদের জন্য তৈরি করতে চান, তো ঠিক আছে, কিন্তু আমরা এতে আগ্রহী নই।”
উল্লেখ্য, অ্যাপলের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক এবং অন্যান্য পণ্য বর্তমানে ভারতেই তৈরি হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই ‘বাধা’ প্রয়োগের ফলে ভবিষ্যতে যদি ভারতে উৎপাদন কমানো বা বন্ধ করা হয়, তাহলে ভারতীয় বাজারে অ্যাপল পণ্যের দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সিএনবিসি-র রিপোর্ট অনুযায়ী, এখনও অ্যাপলের ৮০ শতাংশেরও বেশি পণ্য চীনে (China) তৈরি হয়।
ট্রাম্প তাঁর বক্তব্যে দাবি করেছেন, ভারত নাকি আমেরিকাকে ‘শুল্কমুক্ত বাণিজ্যচুক্তির’ (Duty-Free Trade Deal) প্রস্তাবও দিয়েছিল। যদিও তিনি তা নিয়ে উৎসাহী নন বলেই ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, “আপনারা চিনে তৈরি করেছেন, আমরাও সহ্য করেছি। কিন্তু এবার ভারতে শুরু করেছেন, যা আমরা চাই না।”
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে জন বার্লার তৃণমূল দলে যোগদান, বিজেপির ঘাঁটিতে টানা ঘা
এই মন্তব্যের পর এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ গত জুনে কুক নিজেই বলেছিলেন, ভারতের জন্যই তৈরি হচ্ছে অ্যাপলের এক বড় অংশের পণ্য।
এছাড়াও, বাণিজ্য নিয়ে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক ঘিরে সাম্প্রতিক অতীতে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প আগে ভারতের উপর ২৬ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপানোর কথা বলেন, যদিও পরে তা স্থগিত রাখা হয়। ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করে সেই সময় মার্কিন প্রশাসন জানিয়েছিল, চিন বাদে অন্য দেশের সঙ্গে আলোচনা চলবে।
তবে শুধু বাণিজ্য নয়, কাশ্মীর ও সীমান্ত সংঘর্ষ নিয়েও ট্রাম্পের মন্তব্য অতীতে বিতর্ক তৈরি করেছিল। তিনি দাবি করেছিলেন, ভারত ও পাকিস্তানকে তিনি হুঁশিয়ার করেছিলেন যে যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য থেমে যাবে। যদিও সেই দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
সব মিলিয়ে ট্রাম্পের মন্তব্য ভারতীয় বাজার এবং অ্যাপল পণ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন দেখার, এই বিষয়ে ভারত সরকার কী প্রতিক্রিয়া জানায় এবং অ্যাপলের নীতি কীভাবে পাল্টায়।
