সোশ্যাল মিডিয়া
‘পর্দার আড়ালে কিছু বলি না’, দিঘা সফর নিয়ে সমালোচনার জবাবে সরব দিলীপ
ডিজিটাল ডেস্কঃ দিঘা সফর ঘিরে বিজেপির অন্দরে জোর তরজা। বুধবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভার পাশ কাটিয়ে সরাসরি দিঘায় হাজির হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মন্দির দর্শন করেন স্ত্রীকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন – আর তাতেই দলে ওঠে সমালোচনার ঝড়। দলের তরফে স্পষ্ট জানানো হয়, দিলীপের সফরে দলের কোনও অনুমোদন ছিল না।
বৃহস্পতিবার সকালে দিঘার সমুদ্রসৈকত থেকে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন দিলীপ। কটাক্ষের সুরে বলেন, “যারা চরিত্র নিয়ে কথা বলার যোগ্য নয়, তারা এখন আমাকে সার্টিফিকেট দিচ্ছে।” যদিও কারও নাম নেননি, তবে রাজনৈতিক মহলের ধারণা, দলেরই একাংশের দিকে ইঙ্গিত করেই এই আক্রমণ।
আরও পড়ুনঃ বড়বাজার অগ্নিকাণ্ডে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
উল্লেখযোগ্যভাবে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বুধবার দিলীপের মন্দির দর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ত্যাগী থেকে কীভাবে ভোগী হওয়া যায়, দিলীপবাবু তার উদাহরণ।” সেই মন্তব্যকেই নিশানা করেই দিলীপ বৃহস্পতিবার বলেন, “আমি গোপনে কিছু বলি না। রাস্তায় দাঁড়িয়ে যা বলার বলি, আর এতে যদি কারও কষ্ট হয়, সেটা তার সমস্যা।”
দিলীপ ঘোষ আরও দাবি করেন, “আমি দল বদল করে আসিনি। আমার মিশন একটাই – বাংলাকে বদলানো। কেউ যদি এটা না বোঝে, তা তার অযোগ্যতা।”
দলের একাংশ যদিও তাঁর মন্তব্যকে আরও বিভাজনের ইঙ্গিত বলেই ব্যাখ্যা করছে। দিলীপবাবুর বিরুদ্ধে সাংগঠনিক স্তরে কোনও পদক্ষেপ হবে কিনা, তা নিয়ে দলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে।
