হামলা
কাশ্মীরে ফের জঙ্গি হামলা! ঘরে ঢুকে সমাজকর্মীকে গুলি করে খুন
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ের নারকীয় হামলার রক্তক্ষত এখনও শুকোয়নি। এর মধ্যেই নতুন করে কাশ্মীর রক্তাক্ত হল। শনিবার গভীর রাতে কূপওয়াড়ার কান্দি খাস এলাকায় বাড়িতে ঢুকে গুলিতে হত্যা করা হল স্থানীয় সমাজকর্মী ঘুলাম রসুল মাগরেকে। তাঁর বয়স ৪৫ বছর। এলাকার মানুষের সেবায় যুক্ত এই সমাজকর্মীকে টার্গেট করে ঘরে ঢুকে হামলা চালায় জঙ্গিরা বলে প্রাথমিক অনুমান। আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।
২২ এপ্রিলের ভয়াবহ পহেলগাঁও হামলার পর উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। চলছে তল্লাশি অভিযান। তারই মাঝে ফের জেহাদিদের এহেন হামলা ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কেন সমাজকর্মীকে নিশানা করা হল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
আরও পড়ুনঃ শান্তি ভেঙে মর্টারের গর্জন, পাকিস্তানকে দমন করল ভারতীয় সেনা
এদিকে সীমান্তেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। রবিবার সকালে ফের সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে বিনা প্ররোচনায় গুলি ছুড়ল পাকিস্তান। সেনা সূত্রে খবর, রামপুর এবং টুটমারি গলি সেক্টরে পাক সেনার ঘাঁটি থেকে ছোট অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ভারতীয় সেনা পালটা কড়া জবাব দেয়।
শিমলা চুক্তি কার্যত ছিঁড়ে ফেলেছে পাকিস্তান—এমনটাই দাবি করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহল। দেশের অভ্যন্তরে জঙ্গি হামলা এবং সীমান্তে গোলাগুলি—দু’দিক থেকেই ভারতকে উস্কানি দিচ্ছে ইসলামাবাদ। তবে প্রতিটি চক্রান্তের যোগ্য জবাব দেওয়া হবে, সেনার তরফে সাফ জানানো হয়েছে।
