ভাইরাল খবর
উত্তরপ্রদেশে চাঞ্চল্য! নববধূর সুপারি কিলার দিয়ে স্বামী খুন, ধরা পড়লেন তিনজন
ডিজিটাল ডেস্কঃ বিয়ের মাত্র দুই সপ্তাহের মধ্যেই স্বামীকে খুনের অভিযোগ উঠল এক নববধূর বিরুদ্ধে। পুলিশের তদন্তে উঠে এসেছে, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার ছক কষেছিলেন তিনি। শুধু তাই নয়, খুন করার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করে ২ লাখ টাকা দিয়েছিলেন। এই ঘটনার জেরে উত্তরপ্রদেশের আউরিয়া জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছর বয়সি প্রগতি যাদবের সঙ্গে ২৫ বছরের দিলীপ যাদবের বিয়ে হয় চলতি বছরের ৫ মার্চ। কিন্তু এই বিয়ে একেবারেই মেনে নিতে পারেননি প্রগতি, কারণ তাঁর আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল অনুরাগ যাদব নামে এক যুবকের সঙ্গে। তাঁদের সম্পর্ক চার বছর ধরে চলছিল, কিন্তু পরিবার তা মেনে নেয়নি। পরিবারের লোকেরা তাই জোর করেই মেয়ের বিয়ে দেয় দিলিপের সাথে। এক প্রকার বাধ্য হয়েই দিলীপকে বিয়ে করতে হয় প্রগতিকে। তবে বিয়ের পরও প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে শোনা গিয়েছে, যা নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। এরপরেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন প্রগতি। পুলিশের দাবি, রামাজি চৌধুরী নামে এক পেশাদার খুনির সঙ্গে যোগাযোগ করেন তাঁরা এবং দিলীপকে হত্যার জন্য ২ লাখ টাকা চুক্তি করা হয়।
আরও পড়ুনঃডিজনিল্যান্ড ভ্রমণের পর ছেলেকে হত্যা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মা
গত বুধবার কৌশলে দিলীপকে মোটরসাইকেলে করে এক ফাঁকা জমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রথমে মারধর করা হয়, তারপর গুলি করে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বিধুনার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে গোয়ালিয়র হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে শেষ পর্যন্ত শুক্রবার রাতে মৃত্যু হয় দিলীপের। এই ঘটনায় দিলীপের ভাই থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মূল অভিযুক্তদের চিহ্নিত করে। এরপর প্রগতি, তাঁর প্রেমিক অনুরাগ এবং ভাড়াটে খুনি রামাজি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য তদন্ত চলছে। স্থানীয় প্রশাসনও জানিয়েছে, দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
