বিনোদন
নিখিলের সাথে আমার বিয়ে হয়নি, তাই বিচ্ছেদের প্রশ্ন নেই – নুসরত জাহান
নিউজ ডেস্ক , ৯ জুন : মাতৃত্বের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। নিখিল জৈন ও নুসরতের বিবাহবিচ্ছেদ নিয়ে তোলপাড় টলিউডের অন্দরমহল।
তবে অবশেষে নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কের নিরিখে মুখ খুললেন নুসরত। অভিনেত্রীর সপাট মন্তব্য, “নিখিলের সঙ্গে সহবাস করেছি। আইনত কোনওদিন আমাদের বিয়েই হয়নি।” সেই প্রসঙ্গ টেনে নুসরত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়। বুধবার একটি বিবৃতি জারি করে নিজের যুক্তি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। এছাড়াও সাংসদ-অভিনেত্রীর দাবি, তাঁর সমস্ত ব্যাঙ্কের নথিপত্র নিখিলের কাছে ছিল, যেগুলি থেকে কিনা তিনি যখন-তখন টাকা বের করতেন নুসরতকে না জানিয়েই। এমনকী, আলাদা থাকার পরও নুসরতের অ্যাকাউন্ট থেকে টাকা বের করেছেন নিখিল জৈন, এমনটাই দাবি অভিনেত্রীর। নিজের দিকে ওঠা সমস্ত সমালোচনার জবাব দিয়ে সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান এও জানিয়েছেন যে, “ধনী হলেই শুধুমাত্র ভাল মন-মানসিকতার মানুষ হওয়া যায় না!” পাশাপাশি বোন নুজহাত জাহানের পড়াশোনার খরচও যে দিদি নুসরতই চালাতেন এও স্পষ্ট করে দিয়েছেন সাংসদ-অভিনেত্রী। প্রসঙ্গত, তুরস্কের বোদরুমে জাঁকজমক করে বিয়ে করেছিলেন নুসরত জাহান ও নিখিল জৈন। কলকাতার আইটিসি হোটেলে বসেছিল তাঁদের রিসেপশন পার্টি। এমনকী সাংসদ হওয়ার পর শপথ নেওয়ার সময়ও নিজের নাম নুসরত জাহান রুহি জৈন বলেছিলেন অভিনেত্রী। সুরুচি সংঘের দুর্গাপুজোর মণ্ডপে একসঙ্গে আরতিও করেন তাঁরা। ইস্কনে খোদ মুখ্যমন্ত্রী বলেন নুসরত জামাই নিয়ে এসেছে। এতকিছুর পর এই মন্তব্যে তোলপাড় টলিপাড়া।
