বিনোদন
মেয়ের নামও নিজের নামে রাখবেন কিয়ারা? বলিউডে জোর জল্পনা
ডিজিটাল ডেস্কঃ বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডভানি (Kiara Advani) তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। গত ১৫ জুলাই মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে (Reliance Hospital) তাঁদের কোল আলো করে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। নবজাতকের নাম বা ছবি এখনও প্রকাশ করেননি দম্পতি, তবে কিয়ারা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, মেয়ের নাম হিসেবে তিনি ‘কিয়ারা’ই রাখতে চান।
উল্লেখযোগ্যভাবে, কিয়ারা আডভানির আসল নাম আলিয়া আডভানি। তবে বলিউডে প্রবেশের সময় নামের বিভ্রান্তি এড়াতেই তিনি নাম বদলান। কারণ, তখন আলিয়া ভাট (Alia Bhatt) ইতিমধ্যেই সুপারস্টার হয়ে উঠেছিলেন। কিয়ারা এক পুরনো সাক্ষাৎকারে জানান, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবি আনজানা আনজানি (Anjaana Anjaani)-তে ‘কিয়ারা’ নামটি শুনেই তাঁর পছন্দ হয়। সেই নামটি এতটাই মনে ধরেছিল যে তিনি ঠিক করেছিলেন, ভবিষ্যতে মেয়ের নাম রাখবেন ‘কিয়ারা’। তবে অভিনয়ে আসার সময় নিজের পরিচয় আলাদা করতে সেই নামই নিজের সঙ্গে যুক্ত করেন তিনি।
View this post on Instagram
২০১৯ সালে গুড নিউজ (Good Newwz) ছবির প্রচারে কিয়ারা জানিয়েছিলেন, তিনি চান তাঁর মেয়ের মধ্যে করিনা কাপুরের (Kareena Kapoor) আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব প্রতিফলিত হোক। মা হওয়ার পর সেই পুরনো মন্তব্য ফের আলোচনায় এসেছে।
সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের গল্পও একেবারে সিনেমার মতো। ২০১৮ সালে এক ফিল্ম পার্টিতে প্রথম আলাপ। তারপর ২০২১ সালে শেরশাহ (Shershaah) ছবির শুটিং তাঁদের আরও কাছাকাছি নিয়ে আসে। সেই ছবিতে অন-স্ক্রিন রসায়ন যেমন দর্শকদের মন কাড়ে, অফ-স্ক্রিন সম্পর্ক নিয়েও শুরু হয় জল্পনা। তবে দীর্ঘদিন গোপন রাখার পর অবশেষে তাঁদের সম্পর্ক এবং সংসার পূর্ণতা পেল ছোট্ট মেয়ের আগমনে।


