রাজ্যের খবর
রাজনৈতিক বিতর্কের মাঝেই গুরুতর অসুস্থ তৃণমূল বিধায়ক তাপস সাহা
ডিজিটাল ডেস্কঃ নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন নদিয়ার তেহট্ট কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। বুধবার সকালে আচমকাই মাথায় আঘাত পান তিনি। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে মাথার আঘাত গুরুতর বলেই মনে হয়েছে। এমনকি, ‘ব্রেন স্ট্রোক’-এরও আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
তাঁর জটিল পরিস্থিতি বিবেচনা করে দ্রুত কলকাতার একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। আইসিইউ সাপোর্টে অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হয় তাঁকে। সূত্রের দাবি, বর্তমানে সঙ্কটজনক অবস্থায় আছেন তৃণমূল বিধায়ক।
আরও পড়ুনঃ ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বারবার ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন ইউনুস? উঠছে প্রশ্ন
উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তাপস সাহা ছিলেন নদিয়ার পলাশীপাড়া কেন্দ্রের বিধায়ক। পরবর্তীতে ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তেহট্ট কেন্দ্র থেকে জয়ী হন তিনি।
তবে রাজনৈতিক জীবন নিস্কলঙ্ক ছিল না তাঁর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর নাম উঠে আসে গত বছর। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে কয়েক কোটি টাকা আদায় করেছিলেন তিনি। এমনকি সেই মামলায় তাঁর কণ্ঠস্বর সংগ্রহ করে তদন্তকারী সংস্থা সিবিআই। নিজাম প্যালেসে হাজিরা দিয়েও তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন, “আমায় ডাকা হয়েছিল, তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করব।”
তবে এখন সেই সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে, বিধায়কের প্রাণরক্ষা নিয়েই চিন্তায় চিকিৎসক ও দলীয় মহল।
